বড় শাস্তির সামনে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন বিয়ে করায় শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্রিকেটারের। দোষী প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড পেতে পারেন নাসির। তার স্ত্রী তামিমা সুলতানাও একই দণ্ডে দণ্ডিত হবেন। অবশ্য আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন নাসিরের স্ত্রী তামিমা সুলতানা। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান তিনি।
এর আগে, নাসির ও তামিমের বিরুদ্ধে মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। এরপর ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমা ও নাসিরের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।