নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লিডসের হেডিংলিতে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে। ইতোমধ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিগার সুলতানা জ্যোতিরা। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তারা। এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ নারী দল। এ পর্যন্ত অজিদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রতিটিতেই হারের রেকর্ড তাদের। সব দিক বিবেচনায় বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট দল অস্ট্রেলিয়া। এ ম্যাচটি যে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
প্রতিপক্ষ শক্তিধর হলেও ভালো ক্রিকেট খেলতে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায় ছোট-বড় দলের মধ্যে তেমন পার্থক্য থাকে না। দুয়েকজন ভালো কিছু করতে পারলেই ম্যাচের মোড় ঘুরে যায়। বাংলাদেশও অস্ট্রেলিয়ার ম্যাচে দারুণ কিছু উপহার দেওয়ার অপেক্ষায়। গত ম্যাচে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা জুয়ারিয়া ফিফটির ইনিংস খেলেন। তবে অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারিরা ব্যর্থ ছিলেন। আজ তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের মূল শক্তি হলো স্পিন। তবে প্রথম ম্যাচে সবাইকে ছাপিয়ে পেসার মারুফা আক্তার নজর কেড়ে নেন। তার শিকার ছিল সর্বোচ্চ দুই উইকেট। অস্ট্রেলিয়া ম্যাচেও মারুফা গুরুত্বপূর্ণ ভূমিকাল পালন করতে পারেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ রানের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ম্যাচেও ধরে রাখতে চাইবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।