মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চার বাঁচাতে গিয়ে দারুণ এক ডাইভ দেন পাকিস্তানি ব্যাটার হুসেইন তালাত। ডাইভ দিয়ে চার তো বাঁচাতে পারেননি, উল্টো গ্যালারির ফেন্সিং ওয়ালে ধাক্কা খেয়ে কাঁধের ইনজুরিতে পড়েন হুসেইন তালাত। প্রথম দিকে ইনজুরি গুরুতর মনে না হলেও পরে জানা যায়, তার ঘাড়ের হাড় নড়ে গিয়েছে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এই ইনজুরির কারণে তালাতকে আর এই সিরিজে পাবে না পাকিস্তান দল। এমন কী পিএসএলও মিস করতে যাচ্ছেন তিনি। পাকিস্তান দল সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন মাসের জন্য ছিটকে যাচ্ছেন হুসেইন তালাত। ফলে ইনজুরি কাটিয়ে আগামী জুনের আগে তার মাঠে ফেরা কঠিন।
হুসেইন তালাতের ইনজুরির পর নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি পাকিস্তান। মূলত সিরিজের শেষ ওয়ানডের আগে ইনজুরিতে পড়ায় তার বদলি আর উড়িয়ে আনেনি দলটি। ফলে শেষ ম্যাচের আগে ১৪ জনের স্কোয়াডে পরিণত হয়েছে পাকিস্তান। ইনজুরিতে পড়লেও এখনই দেশে ফিরছেন না হুসেইন তালাত। দলের সঙ্গে একসঙ্গে দেশে ফিরবেন তিনি।