বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আইসিসি ভালোভাবে নেবে না—এক বিবৃতিতে এমনটা জানায় বিসিবি। তবে এই বিবৃতি কারো সঙ্গে আলোচনা করে দেওয়া হয়নি—এমনটাই অভিযোগ আছে। বিসিবি পরিচালকদের দাবি, একক সিদ্ধান্তে এক বিবৃতি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ওই ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। বিসিবির দেওয়া এ বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে ফারুক বলেন, ‘আসলে যে চিঠিটা গেছে সেটা বোর্ড সভাপতির এখতিয়ারে আছে। তিনি বলতেই পারেন। আসলে এ নিয়ে আলোচনা হয়নি, আমরা জানি না।’
অনিয়মের অভিযোগে গঠিত হওয়া এই তদন্ত কমিটির প্রতিবেদনে কী ফল আসবে—সে বিষয়ে অনিশ্চিত ফারুক আহমেদ। তার দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা ব্যক্তিদের দ্বারস্থ হওয়া দরকার।
এ নিয়ে ফারুক বলেন, ‘এখান থেকে কী ফলাফল হবে আমি জানি না। কেননা যারা আছেন তারা বলবেন সব ঠিক হয়েছে, আর যারা নেই তারা বলবেন সব দোষ হয়েছে। ভোটে কারচুপি হয় ইলেকশনে, ন্যাশনাল ইলেকশনে—আমরা কাদের কাছে জানাই? ইলেকশন কমিশনারকে। ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বললে ব্যাপারটি পরিষ্কার হবে।’