আবুধাবি টেস্টে দুর্দান্ত শুরু পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে দিনের এক পর্যায়ে ১ উইকেটে ১৮৪ রান ছিল বাংলাদেশের। মিডল অর্ডারে ব্যাটিং ধ্বসের কারণে সেখান থেকে ৩১৭ রানে ৮ উইকেট নিয়ে দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে। দিনের খেলা শেষে ব্যাটিং নিয়ে খানিকটা আক্ষেপ প্রকাশ করেছেন ওপেনাদ সাদমান ইসলাম।
দিনের খেলা শেষে সেই আক্ষেপ থেকে সাদমান বলেন, ‘মোটামুটি ভালো ছিল (বাংলাদেশের পারফরম্যান্স)। কিন্তু আমাদের যে শুরুটা ছিল, আরেকটু ভালো হতে পারত। যাক, যা হয়েছে আজকের জন্য আলহামদুলিল্লাহ।’
উইকেট ব্যাটিং সহায়ক ছিল উল্লেখ করে সাদমান বলেন ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। বড় একটা জুটির পরে
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কয়েকটা উইকেট পড়ে গেছে।সকাল থেকে যেরকম ব্যাটিং করছি, ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটা পিচ ছিল। আফগানিস্তানের বোলারদের আমরা সকালবেলা খুব ভালোভাবে সামলেছি, ভালো ভালো জুটিও হয়েছে। ওরা খুব ভালো কামব্যাক করছে লাঞ্চের পরে। এ কারণে ভালো কিছু উইকেটও ওরা পেয়েছে। যার কারণে দিন শেষে আজকে ৮ উইকেট পড়েছে।’
এই ম্যাচের আগে অনেক বেশি আলোচনায় ছিল আবু ধাবির গরম। তপ্ত গরমে খেলা চ্যালেঞ্জিং হলেও খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন বলে জানান সাদমান।
তিনি বলেন, ‘আমরা যখন ঢাকায় অনুশীলন করি, তখন আমাদের মাথায় ছিল যে দুবাইতে গরমের মুখোমুখি হতে হবে। আমাদের যেরকম একটা প্রস্তুতি ক্যাম্প ছিল, গরমের মধ্যেই গেছি। যার কারণে ভালো মানিয়ে নিতে পারছি। তারপরে আমরা দুবাইতে এসে একটা অনুশীলন ম্যাচ খেলা হয়েছে। ওইখানে অনেক গরম ছিল, যার কারণে এখানে ব্যাটিং করতে একটু সহজ মনে হয়েছে।’