সবশেষ বোর্ড সভায় জানানো হয়েছিল, অতি দ্রুতই বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চাইবে বিসিবি। দুদিনের বিরতিতে পরের বোর্ড সভায় কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ মের মধ্যে তিন ক্যাটাগরিতে থাকা ১৯২ কাউন্সিলরের চূড়ান্ত তালিকা চেয়ে চিঠি দিয়েছে বিসিবি। নির্ধারিত তারিখের মধ্যে কাউন্সিলর তালিকা জমা হওয়ার পর বোর্ড সভা করে সেটা অনুমোদন করবে বিসিবি পরিচালনা পরিষদ। এরপরই শুরু হবে চূড়ান্ত নির্বাচনি প্রক্রিয়া।
কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হলেও এখনো গঠন করা হয়নি নির্বাচন কমিশন। কবে নাগাদ নির্বাচন কমিশন গঠন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
কাউন্সিলর তালিকা জমার প্রক্রিয়া শুরুর পাশাপাশি আজকের বোর্ড সভায় নেওয়া হয়েছে আরো দুই সিদ্ধান্ত। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে জেলা কোচদের পরীক্ষার মাধ্যমে চাকরি নিতে হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে কোচ হিসেবে বিসিবিতে যোগ দিতে হবে তাদের।
এছাড়া বিসিবির অধীনে থাকা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। গত ৩০ এপ্রিল ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আপাতত আগামী তিন মাসের জন্য এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এবারের বোর্ড সভায়।