সিলেট টেস্টে শুরুটা ভালো হলেও দ্বিতীয় সেশনে ম্যাচের লাগাম কিছুটা হারিয়েছে বাংলাদেশ। মাত্র ২৭ রানে প্রথম ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়ে উইন্ডিজকে লড়াইয়ে ফিরিয়েছেন কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দ্বিতীয় সেশনের শেষদিকে হাসান মাহমুদ উইকহ্যামকে ফেরালেও বড় সংগ্রহের পথেই আছে উইন্ডিজ।
দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থেকে সেশন শেষ করেছেন জাঙ্গু। ১৬ রান করে অপরাজিত আছেন গ্রিভস।।
দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের হতাশ করেছেন জাঙ্গু এবং উইকহ্যাম। মধ্যাহ্নভোজের আগে করা ৩ উইকেটে ৮৬ রানের সঙ্গে কোনো উইকেট না হারিয়ে এই সেশনে আরও ৭২ রান যোগ করেন তারা।
উইকহ্যামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। হাসানের লেংথ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন উইকহ্যাম। ১৪৫ বলের ইনিংসে ৬১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
উইকেট গেলেও আক্রমণাত্মক ক্রিকেটই বজায় রেখেছে উইন্ডিজ। আর কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে গেছেন জাঙ্গু এবং গ্রিভস।
এর আগে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করে সফরকারীরা।