বিসিবির সবশেষ বোর্ডসভার পর বিভিন্ন ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। সব মিলিয়ে এখন টালমাটাল অবস্থায় থাকা বিসিবির বহুল কাঙ্ক্ষিত বোর্ডসভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। কাল দুপুর ১টায় শুরু হবে এই সভা।
বিসিবির এই বোর্ডসভায় আলোচ্য বিষয়ে আছে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেনÑসেটা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, লিটন দাসের কাঁধেই থাকবে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বভার। এছাড়া বোর্ডসভায় এনএসসির গঠন করা তদন্ত কমিটি করার পর বিসিবি সভাপতির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে।
পাশাপাশি সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে না গড়ানো। ক্লাব ও বিসিবি দ্বন্দ্বে আপাতত মাঠে গড়ানোর সম্ভাবনা নেই ঢাকা প্রিমিয়ার লিগ। পাশাপাশি তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়েও আছে বিভিন্ন জল্পনা-কল্পনা। এসব নিয়ে আলোচনা হবে বিসিবির বোর্ডসভায়। এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা, মানবসম্পদ বিভাগের প্রধান ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এবারের সভায়।