আফ্রিকা কোয়ালিফায়ার ডিভিশন-১ এর রোমাঞ্চকর ফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭-এর টিকিট কেটেছে নাইজেরিয়া। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আগামী বছরের মূল পর্বে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে নাইজেরিয়া। দলের হয়ে অধিনায়ক ক্রিস্টাবেল চুকউওনই সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া বিউটি ওগুয়াই ১৯ ও জেসিকা বায়েনি ১৫ রান যোগ করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ক্রিস্টিন মুতাসা ২টি উইকেট শিকার করেন।
৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নাইজেরিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। সালাম মুসেকার ২৭, বেথেল জিনিয়ামার ২১ এবং নিকোলেট নিকার ১৮ রানের লড়াই সত্ত্বেও ১৯.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাইজেরিয়ার উসেন পিস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া জেনিফার গডউইন ও অ্যানয়েন্টেড আখিগবে পান ২টি করে উইকেট।
টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে রুয়ান্ডাকে ৭ উইকেটে হারিয়ে উগান্ডা তৃতীয়, তানজানিয়া ২৯ রানে কেনিয়াকে হারিয়ে পঞ্চম এবং মালাউইকে ৯ উইকেটে হারিয়ে নামিবিয়া সপ্তম স্থান অর্জন করেছে।