বলটি স্পটে রেখে একবার তাকালেন গোলপোস্টের দিকে। ডান চোখের পাশের ক্ষত থেকে ঝরে পড়া রক্ত তখনো পুরোপুরি শুকায়নি। কয়েক মিনিট আগেই চিকিৎসকরা তার রক্তমাখা জার্সি বদলে দিয়েছেন। শরীর ক্লান্ত, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। কিন্তু সেই মুহূর্তে ইসমায়েল সাইবারির সামনে ছিল একটাই দায়িত্ব, একটি শটে বাঁচিয়ে রাখতে হবে একটি জাতির স্বপ্ন। দৌড়ে এসে জোরালো শটে বল পাঠিয়ে দিলেন জালে। ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন ভুল দিকে ঝাঁপ দিলেন। মুহূর্তেই বিস্ফোরিত হলো মরক্কোর গ্যালারি থেকে মাঠ। দুই হাত ছড়িয়ে ছুটলেন সাইবারি, সতীর্থদের আলিঙ্গনে মিশে গেলেন জয়ের উদযাপনে। রক্তে ভেজা মুখ নিয়েই তিনি হয়ে উঠলেন মরক্কোর নায়ক।
এই বিশ্বকাপে সাইবারির গল্পটি শুধু একটি জয়সূচক পেনাল্টির নয়; এটি সাহস, আত্মবিশ্বাস আর অবিশ্বাস্য ধারাবাহিকতার গল্প। গ্রুপ পর্বেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, মরক্কোর আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠতে চলেছেন। তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেন ২৫ বছর বয়সি এই মিডফিল্ডার-ফরোয়ার্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে গোল না পেলেও ম্যাচজুড়ে ছিলেন সবচেয়ে প্রাণবন্ত। শেষ পর্যন্ত ভাগ্যের শেষ চাবিটিও তার হাতেই তুলে দেন কোচ মোহাম্মদ ওয়াহবি। আর তিনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন নিখুঁতভাবে।
ম্যাচের অতিরিক্ত সময়ে ডাচ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ডান চোখের ওপর কেটে যায় সাইবারির। রক্তে ভিজে যায় জার্সি। চিকিৎসা নিয়ে নতুন জার্সি পরে আবার মাঠে ফিরে আসেন। সাধারণ একজন খেলোয়াড় হয়তো তখন বদলি হওয়ার ইশারা দিতেন। কিন্তু সাইবারি ছিলেন ভিন্ন মানসিকতার। তার চোখে ছিল শুধু একটি লক্ষ্য—মরক্কোকে শেষ ষোলোয় নেওয়া।
অবশ্য তার এই মানসিক দৃঢ়তার শিকড় আরো গভীরে। স্পেনের তারাসায় জন্ম হলেও সাইবারির বেড়ে ওঠা বেলজিয়ামে। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের জার্সিও গায়ে তুলেছিলেন। স্পেন থেকেও সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নেন বাবা-মায়ের দেশ মরক্কোকে। সেই সিদ্ধান্ত আজ মরক্কোর ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শেষে তাই সবার আগে মাকেই আলিঙ্গন করতে ছুঁতে গেলেন গ্যালারিতে।
ক্লাব ফুটবলে পিএসভি আইন্দহোভেনে নিজেকে গড়ে তুলেছেন ধাপে ধাপে। দীর্ঘ সময় একাডেমিতে পরিশ্রম করে জায়গা করে নেন মূল দলে। ২০২৫-২৬ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্স ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ে। বিশ্বকাপ শুরুর আগেই তাকে নিয়ে বায়ার্ন মিউনিখের আগ্রহ প্রকাশ্যে আসে।
ব্যক্তিগত অর্জনের চেয়েও জাতীয় দলের জার্সিতে নিজেকে উজাড় করে দেওয়াতেই যেন সবচেয়ে বেশি আনন্দ পান সাইবারি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছিলেন, তার দল এখন আর কাউকে ভয় পায় না। ২০২২ সালের সেমিফাইনালের পর এই দল বিশ্বাস করতে শিখেছে যে, বিশ্বের যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। সেই আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন সাইবারির মতো ফুটবলাররাই।
একসময় ইউরোপের তিন দেশের দরজা খোলা ছিল তার জন্য। তিনি বেছে নিয়েছিলেন শিকড়কে। সোমবার রাতে সেই শিকড়ই তাকে ফিরিয়ে দিল লাখো মানুষের ভালোবাসা। বিশ্বকাপে অনেক গোল হবে, অনেক নায়ক জন্ম নেবে। কিন্তু কিছু মুহূর্ত শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। রক্তমাখা মুখে স্পট কিক নিতে এগিয়ে যাওয়া ইসমায়েল সাইবারির সেই কয়েক সেকেন্ডও ঠিক তেমনই; যেখানে ফুটবল শুধু খেলা নয়, হয়ে ওঠে সাহস, দায়বদ্ধতা আর দেশের পতাকার জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার এক অনন্ত কবিতা।