আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে আজ ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে পৌঁছেছেন হামজা, জামালরা। এ দিন সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের। কেননা আগের দিন ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন তারা। এই ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে।
ম্যাচ খেলা ও ভ্রমণ ক্লান্তি কাটিয়ে উঠতেই বিশ্রাম দেওয়া হয় খেলোয়াড়দের। আগামীকাল শনিবার থেকে সিঙ্গাপুরের মাঠে প্রস্তুতি শুরু হবে কোচ হাভিয়ের কাবরেরার দলের। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এমন কথাই বলেছেন টিম ম্যানেজার আমের খান।
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে বাছাই পর্বের শেষটা জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্য হামজাদের। এ পর্যন্ত বাছাই পর্বে পাঁচটি ম্যাচ খেলে একটি জয় ও দুটিতে ড্র করে তারা। ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।