আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। এমন সিদ্ধান্তেই অনড় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্প্রতি লিগ পেছানোর দাবিতে মোহামেডানসহ বেশ কিছু ক্লাব বাফুফের কাছে দাবি জানিয়ে আসছিল। লিগের ১৩টি ক্লাবের ১০টি বাফুফে সভাপতি বরাবর ৬ দফা দাবিতে চিঠি দেয়। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম জাতীয় দলের খেলার সময় যাতে ঘরোয়া ফুটবলে কোনো বিঘ্ন না ঘটে। আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের পরে ঘরোয়া ফুটবল মাঠে গড়ালেও ক্লাবগুলো রাজি। তবে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ক্লাবগুলোর সেই দাবি উপেক্ষা করেছে। তারা পূর্বনির্ধারিত ১৮ সেপ্টেম্বর থেকেই নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার ফেডারেশন কাপের ড্রও হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। গত কয়েকটি আসরের মতো এবারও লিগের ম্যাচগুলো হবে শুক্র ও শনিবার এবং ফেডারেশন কাপের খেলা হবে মঙ্গলবার। শনিবারের লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে লিগের ৮ ভেন্যুর মধ্যে শুধু তিনটিতে হবে ফেডারেশন কাপ। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জের পাশাপাশি কিছু খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, এবার ফিফা উইন্ডোর মধ্যেও লিগের খেলা চলবে। বিশেষ করে আসিয়ান কাপ চলমান অবস্থায় লিগের দুটি রাউন্ড হবে বলেও তিনি জানান। যদিও মোহামেডানসহ বেশ কয়েকটি ক্লাবের এই সিদ্ধান্তে আপত্তি আছে। ক্লাবগুলো কিছু দাবি উত্থাপন করে রেখেছে। তারা যদি খেলতে না চায়? ইমরুল হাসানের প্রত্যাশা সব ক্লাব ফেডারেশন কাপ ও লিগে অংশ নেবে। যেসব ক্লাব দাবি জানিয়ে চিঠি দিয়েছে, কয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে বাফুফের সভাপতি বসে আলাপ-আলোচনা করবে।