হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ টিকিটের আকাশছোঁয়া দাম, এক টিকিটই লক্ষাধিক টাকা

স্পোর্টস ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই সমর্থকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে টিকিটের দাম। ফিফা আবারও টিকিট বিক্রি শুরু করলেও, আনন্দের চেয়ে দামের ধাক্কাই যেন বেশি লাগছে ফুটবলপ্রেমীদের।

বুধবার টিকিট বিক্রির ওয়েবসাইট খুলতেই দেখা যায়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম পৌঁছেছে ১০ হাজার ৯৯০ ডলারে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫২ হাজার টাকারও বেশি। কয়েক মাস আগেও একই টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কয়েক হাজার ডলার বেড়ে গেছে দাম।

এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ফিফার নতুন ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি। চাহিদা যত বেশি, দামও তত বাড়বে—এই নীতিতে নির্ধারিত হচ্ছে টিকিটের মূল্য। ফলে জনপ্রিয় ম্যাচগুলোর টিকিট ক্রমেই সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

শুধু ফাইনাল নয়, অন্যান্য ক্যাটাগরির টিকিটেও বেড়েছে দাম। ‘ক্যাটাগরি-২’ টিকিট ৫,৫৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭,৩৮০ ডলারে, আর ‘ক্যাটাগরি-৩’ টিকিট ৪,১৮৫ ডলার থেকে বেড়ে হয়েছে ৫,৭৮৫ ডলার। উদ্বোধনী ম্যাচসহ বড় ম্যাচগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিট ২,৩৫৫ ডলার থেকে বেড়ে ২,৯৮৫ ডলারে পৌঁছেছে। কানাডার প্রথম ম্যাচের টিকিটেও সামান্য বৃদ্ধি দেখা গেলেও, প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের সর্বোচ্চ দামের টিকিট আপাতত অপরিবর্তিত রয়েছে।

তবে দামের পাশাপাশি টিকিট কেনার প্রক্রিয়াও সহজ হয়নি। বিক্রি শুরু হওয়ার পর থেকেই ফিফার ওয়েবসাইটে কারিগরি সমস্যার অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সমর্থক টিকিট সংগ্রহ করতে পারেননি। এমনকি বুধবার রাত পর্যন্ত ৭২টি গ্রুপ ম্যাচের মধ্যে মাত্র ১৭টির টিকিটই তালিকাভুক্ত ছিল। নক-আউট পর্বের কোনো টিকিট তখনও পাওয়া যায়নি।

সব মিলিয়ে, বিশ্বকাপের টিকিট এখন শুধু একটি পাস নয়, বরং এক ধরনের বিলাসিতায় পরিণত হচ্ছে কি না—সে প্রশ্ন উঠছে জোরালোভাবে। ফুটবল যেখানে ‘সবার খেলা’, সেখানে গ্যালারিতে বসে সেই আনন্দ উপভোগ করা ক্রমেই কি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে—এ নিয়েই এখন আলোচনা ফুটবল অঙ্গনে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, পেছাল আর্জেন্টিনা-ব্রাজিল-বাংলাদেশ

আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ জিততে ফরাসিদের সামনে দুই ‘অভিশাপ’

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ক্ষোভ, কড়া বার্তা দিলেন ইয়ামাল

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পেনকে রুখে দিল মিশর, ইংল্যান্ডকে হারিয়ে চমক জাপানের

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক

দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল