আসন্ন বিশ্বকাপ ঘিরে ফুটবল দুনিয়ায় আলোচনার বড় অংশজুড়েই আছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের দুই মহাতারকার শেষ বিশ্বকাপ হতে পারে এবারের আসর। তাই তাদের দল কতদূর যেতে পারে, সেটিও এখন আলোচনার কেন্দ্রে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে রোনালদোর নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল। তবে পর্তুগিজ মহাতারকাকে নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক যুক্তরাষ্ট্র স্ট্রাইকার টেলর টুয়েলম্যান।
নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সাবেক এই ফরোয়ার্ডের মতে, রোনালদোকে ছাড়াই সবচেয়ে ভালো ফুটবল খেলে পর্তুগাল। একই সঙ্গে তিনি মনে করেন, এবারের পর্তুগাল দলই রোনালদোর ক্যারিয়ারের সেরা জাতীয় দল।
টুয়েলম্যান বলেন, “পর্তুগালের জন্য আমি একটি সাহসী মন্তব্য করতে চাই। বিশ্বকাপে রোনালদো কখনও এত ভালো দল পায়নি। এটাই তার পাওয়া সেরা দল। আমার মনে হয়, সে যদি না খেলে, তবেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে।”
মেজর লিগ সকারের সাবেক এই তারকার মতে, বর্তমান পর্তুগাল দল এতটাই ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী যে আগের টুর্নামেন্টগুলোর মতো রোনালদোর ওপর পুরোপুরি নির্ভরশীল নয় তারা।
বিশ্বকাপের আগে টুয়েলম্যানের এমন মন্তব্য ইতোমধ্যে ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে রোনালদোর বয়স, ভূমিকা ও পর্তুগালের কৌশল নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।