হোম > খেলা > ফুটবল

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

স্পোর্টস ডেস্ক

ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। স্কোরলাইন ৩-০। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে যেন ছেলেখেলা করছিল ইংল্যান্ড। কিন্তু লাল কার্ডে একজন কমে যাওয়ার পরই বদলে গেল ম্যাচের চিত্র। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাল স্পেন। শেষ মুহূর্তে একের পর এক আক্রমণও শানাল। কিন্তু গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল ইংল্যান্ড। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে থ্রি লায়নরা।

এই হারে থামল স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা। ২০২৫ নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হার বাদ দিলে ২০২৪ সালের মার্চের পর নির্ধারিত সময়ে আর হারেনি দলটি। সেই অজেয় ধারায় ছেদ টানল থমাস টুখেলের ইংল্যান্ড।

শুরু থেকেই স্পেনকে চাপে রাখে ইংল্যান্ড। স্বাগতিকদের রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধের শেষ ভাগ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না তারা। বিরতির ঠিক আগে পাউ কুবারসির ফাউলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে এটি তাঁর ৯৩তম গোল।

বিরতির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ইংল্যান্ড। ৫৩ মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কোনসা। চার মিনিট পর আর্সেনাল সতীর্থ বেন হোয়াইটের দুর্দান্ত কোনাকুনি শটে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

তিন গোলের ব্যবধানে ম্যাচ যখন ইংল্যান্ডের নিয়ন্ত্রণে, তখনই বিপদ ডেকে আনে নিজেদের ভুল। ৬৫ মিনিটে বলের নিয়ন্ত্রণ হারান জ্যারেল কোয়ানসা। লামিনে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওয়ারজাবাল।

এরপর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালায় স্পেন। আক্রমণের গতি বাড়িয়ে ইংল্যান্ডের রক্ষণে চাপ তৈরি করে তারা। ৭৫ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে বদলি নিকো উইলিয়ামস গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ম্যাচে তখন টানটান উত্তেজনা।

শেষ মুহূর্তে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্পেন। কিন্তু গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান ট্রাফোর্ড। একের পর এক সেভ ও ব্লকে স্পেনের সব চেষ্টা ব্যর্থ করে দেন ইংল্যান্ডের এই গোলরক্ষক।

শেষ পর্যন্ত ১০ জন নিয়েও জয় ধরে রাখে টুখেলের দল। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার শীর্ষ র‍্যাঙ্কিংয়ে থাকা কোনো দলের মাঠে জয়ের কীর্তিও গড়েছে ইংল্যান্ড। এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে থ্রি লায়নরা।

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ