বাংলাদেশ ফুটবল লিগ
আগেই বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জয় নিশ্চিত করে রেখেছিল বসুন্ধরা কিংস। তাদের জন্য আজ লিগের শেষ রাউন্ডের ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। এ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দিল কিংস। ডরিয়েলটন গোমেজের জোড়া গোলের সুবাদে তারা ৪-১ গোলে হারায় ফকিরেরপুলকে। এতে সর্বোচ্চ ৪১ পয়েন্ট অর্জন করে লিগ শেষ করল কিংস। ম্যাচ শেষে তাদের চ্যাম্পিয়ন ট্রফি বুঝিয়ে দেয় ফুটবল ফেডারেশন। ষষ্ঠবারের মতো লিগে চ্যাম্পিয়ন হয়েছে কিংস।
একই দিন বড় জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। আবাহনী ৪-০ গোলে হারায় আরামবাগকে। এ জয়ে ফর্টিস এফসিকে পেছনে ফেলে এবারও লিগে রানার্সআপ হয়েছে আবাহনী। তাদের অর্জন ৩৭ পয়েন্ট।
অন্যদিকে গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। পয়েন্ট টেবিলে পঞ্চম হয়ে লিগ শেষ করল মোহামেডান। অপর ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফর্টিস। ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তারা।
অপরদিকে রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে ২৭ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। আরামবাগ ও ফকিরেরপুল রেলিগেশনে পড়েছে।