লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের পর্দা নেমেছে। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ, শেষ গোল, শেষবারের মতো সমর্থকদের ভালোবাসা; সব মিলিয়ে আবেগঘন বিদায় নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসি নামটি কি সত্যিই আর্জেন্টিনার ফুটবল থেকে বিদায় নিচ্ছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের প্রজন্মে।
মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো ইতিমধ্যে ফুটবলের সঙ্গে নিজেদের পথচলা শুরু করেছে। তিনজনই বর্তমানে ইন্টার মালিয়ামির একাডেমি কাঠামোর মধ্যে ফুটবল শিখছে ও বেড়ে উঠছে। বয়স এখনও কম, সামনে তাদের জন্য পড়ে আছে দীর্ঘ পথ। তাই ভবিষ্যতে তারা কোথায় পৌঁছাবে, সেটি এখনই বলার সুযোগ নেই।
তবে ফুটবলপ্রেমীদের কল্পনায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে অন্য এক সম্ভাবনা। কোনো একদিন যদি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসি পরিবারের আরেক প্রজন্মকে দেখা যায়!
বাবা লিওনেল মেসি আর্জেন্টিনাকে দিয়েছেন একের পর এক অবিস্মরণীয় মুহূর্ত। দীর্ঘ অপেক্ষার পর জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপের সবচেয়ে বড় ট্রফিটিও তুলেছেন নিজের হাতে। জাতীয় দলের হয়ে তার পথচলা তাই শুধু একটি ক্যারিয়ার নয়, আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসেরই একটি বিশেষ অধ্যায়।
এখন সেই অধ্যায় শেষ হলেও মেসি নামটি হয়তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। থিয়াগো, মাতেও কিংবা সিরোর কেউ যদি একদিন বাবার পথ অনুসরণ করে পেশাদার ফুটবলে উঠে আসেন, তাহলে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে ‘মেসি’ নামটি।
অবশ্য সেটি এখন কেবল সম্ভাবনা ও স্বপ্নের গল্প। তিন সন্তানই এখনও বয়সে ছোট এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সময়, প্রতিভা ও নিজেদের সিদ্ধান্ত। কিন্তু মেসির বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থকদের জন্য এই কল্পনাটুকুও কম রোমাঞ্চকর নয়।
লিওনেল মেসির যুগ শেষ হয়েছে কিন্তু আর্জেন্টিনা ও মেসি পরিবারের গল্প হয়তো এখানেই শেষ নয়। কে জানে, কোনো একদিন আকাশি-সাদা জার্সিতে নতুন কোনো ‘মেসি’ই লিখে ফেলবে সম্পূর্ণ নতুন এক গল্প!