হোম > খেলা > ফুটবল

সেনেগালের শিরোপা এখন মরক্কোর

স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ঘিরে তৈরি হওয়া বিতর্কের নাটকীয় পরিণতিতে পাল্টে গেছে শিরোপার মালিকানা। মাঠে জয়ের আনন্দ করা সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে স্বাগতিক মরক্কোকে। গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতেছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার জেরে বিষয়টি গড়ায় আপিলে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড সেনেগালকে অযোগ্য ঘোষণা করে এবং ম্যাচের ফলাফল ৩-০ ব্যবধানে মরক্কোর দিকে এগিয়ে দেয়।

বিতর্কের সূচনা স্টপেজ টাইমে, যখন মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে অবস্থান নেয় সেনেগাল দল। ওই সময় দর্শকরাও মাঠে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে মরক্কোর পেনাল্টি ঠেকিয়ে দেন গোলকিপার এদুয়ার্দ মেন্দি। এরপর অতিরিক্ত সময়ে একমাত্র গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।

এর আগেই আরেকটি বিতর্ক তৈরি হয়, যখন স্টপেজ টাইমে সেনেগালের একটি গোল ফাউলের অভিযোগে বাতিল করা হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ওই ফাউলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে। প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থায় উভয় দলকে জরিমানা ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দেওয়া হলেও ফলাফল বহাল ছিল। কিন্তু আপিলে চূড়ান্তভাবে বদলে যায় ম্যাচের ভাগ্য। কনফেডারেশন তাদের সিদ্ধান্তে প্রতিযোগিতার একটি ধারা উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে— কোনো দল যদি ম্যাচ চলাকালে মাঠ ত্যাগ করে বা খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরাজিত ঘোষণা করা হবে এবং প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সেনেগালের খেলোয়াড়রা। ডিফেন্ডার মুসা নিয়াখাতে সামাজিক মাধ্যমে ট্রফি হাতে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘নিয়ে যাও তো দেখি। পাগল নাকি!’ আর এল হাজি মালিক দিওফ লিখেছেন, ‘এমনটা আমি আশা করিনি, এটা কোথাও যাচ্ছে না।’

অন্যদিকে মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা কখনোই প্রতিপক্ষের ক্রীড়া নৈপুণ্যকে প্রশ্নবিদ্ধ করতে চায়নি। বরং প্রতিযোগিতার নিয়ম যথাযথভাবে প্রয়োগের দাবি জানিয়েছিল। ফেডারেশন আরো বলেছে, তারা নিয়মের প্রতি সম্মান, প্রতিযোগিতার স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়েছে।

নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া-জাপান ফাইনাল

ভিনিসিয়ুসের ঝলকে সিটির স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে রিয়াল

রায়ে বদলে গেল চ্যাম্পিয়ন, সেনেগালের শিরোপা গেল মরক্কোর ঘরে

দাপুটে জয়ে শেষ আটে আর্সেনাল, লেভারকুসেনের বিদায়

চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বার্সার প্রত্যাবর্তন নাকি নিউক্যাসলের অঘটন

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আরও যত খেলা

'কাবরেরা সবকিছু উলটপালট করে ফেলছেন'

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা