ফিফা এশিয়ান কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকায় ২৮ ফুটবলার নিয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ টমাস ডুলি। শুরুতে শুধু দেশি ফুটবলারদের নিয়ে দলের প্রস্তুতি শুরু হয়েছিল। এবার নতুন প্রবাসী ফুটবলারও ক্যাম্পে যোগ দিয়েছেন। সম্প্রতি প্রবাসী গোলরক্ষকের কথা বলেছিলেন কোচ ডুলি। এরই ধারাবাহিকতায় জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা। ছয় ফুট চার ইঞ্চি উচ্চতাসম্পন্ন দীর্ঘদেহী এই গোলরক্ষককে বেশ কদিন ধরেই অনুশীনে পরখ করে দেখছেন ডুলি। অনুশীলনে কোচের মন জয় করার চেষ্টা করছেন সাইফও। ২৯ বছর বয়সি এই গোলরক্ষক বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। তার বাবা বাংলাদেশি, মা যুক্তরাষ্ট্রের। এই ফুটবলার স্বপ্ন দেখছেন লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এরই মধ্যে সাইফকে পেয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের ফুটবলাররা। অনুশীলন ক্যাম্পে সাইফকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। নতুন গোলরক্ষকের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জামাল লিখেছেন, ‘গোলকিপার এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’
জাতীয় দলে জায়গা করে নিতে হলে কোচের পূর্ণ আস্থা অর্জন করতে হবে সাইফকে। তরুণ প্রবাসী ফুটবলারদের ভালো করে যাচাই-বাছাই করে দলে সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ কোচ ডুলি। তার মতে, যারা ট্রায়ালে ভালো করবে, শুধু তাদেরকে দলে নেওয়া হবে। এখানে পারফরম্যান্সই মুখ্য বিষয়। অন্য কিছু বিবেচনায় আসবে না। এমনকি জাতীয় দলে অভিষেক হওয়া ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদকেও নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলেছেন এই কোচ।