এশিয়ান কাপ ২০২৬
ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরই স্বপ্নের ডালপালা মেলে বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে এ ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি কী নিতে পেরেছে বাংলাদেশ? এশিয়ান কাপ মিশনে অস্ট্রেলিয়া যাওয়ার আগে কোচ পিটার বাটলার অভিযোগ করেছেন, দলের প্রস্তুতিটা ভালো হয়নি। থাইল্যান্ডে ক্যাম্প গড়া ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফঈদা, ঋতুপর্ণাদের। ফিলিপাইনের বিপক্ষেও নারী দলের প্রীতি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করেছিল বাফুফে। কিন্তু তাদের পরিকল্পনা সফলতার মুখ দেখেনি।
টুর্নামেন্ট শুরুর আগে বিদেশে গিয়ে খেলার পরিবর্তে ঘরের মাঠে ‘দুর্বল’ নারী লিগে খেলে এশিয়ান কাপের জন্য প্রস্তুত হয়েছেন ফুটবলাররা। এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের মর্যাদাপূর্ণ আসরের জন্য দলের এ প্রস্তুতি আদর্শ হয়নি বলে সাফ জানিয়ে দেন কোচ বাটলার। প্রস্তুতির ঘাটতি নিয়েই অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনে গেছে নারী দল। সিডনিতে এখন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মূল মিশনে নামার আগে নিজেদের তৈরি করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রস্তুতির অংশ হিসেবে আজ সিডনিতে স্থানীয় একটি দলের বিপক্ষে ‘ক্লোজড ডোর’ ম্যাচ খেলায় এখন বেশ আত্মবিশ্বাসী বাটলারের দল।
‘ক্লোজড ডোর’ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া নারী ফুটবলের শীর্ষ স্তরের লিগের (এ-লিগ) দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসি। সিডনিভিত্তিক দলটির ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে দলের নানা দিক পরীক্ষানিরীক্ষা করেছেন কোচ বাটলার। এ ম্যাচটিই ছিল প্রস্তুতির সেরা মঞ্চ। ক্লোজড ডোর ম্যাচ হওয়ায় ফল জানায়নি বাফুফে। তবে জানা যায়, ম্যাচ তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ম্যাচে কোচ দলের কৌশল, বিকল্প খেলোয়াড়দের বাজিয়ে দেখাসহ সামগ্রিক বিষয় যাচাই করেন বাটলার। ম্যাচ খেলায় ফুটবলারদের মধ্যে সমন্বয়টা ভালো হয়েছে। তাদের মনোবলও আরো দৃঢ় হয়েছে।
কোচ চেয়েছিলেন, ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন আনার। কেননা এশিয়ান কাপে শক্তিশালী সব দলের বিপক্ষে লড়তে হবে মেয়েদের। টুর্নামেন্টের গ্রুপ পর্বেই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়া নারী ফুটবলের পরাশক্তি চীন। বিশ্বকাপ ও অলিম্পিকের রানার্সআপ দল তারা। নয়বার এশিয়ান কাপ জিতেছে চীনের মেয়েরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। তাতে বোঝাই যাচ্ছে, চীনের বিপক্ষে কেমন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ নারী দলকে। শুধু চীনই নয়, গ্রুপ পর্বে বাংলাদেশকে উত্তর কোরিয়া ম্যাচেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কেননা এ দলটিও এশিয়া নারী ফুটবলের পাওয়ার হাউস। সাবেক তিনবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ দুদলের তুলনায় বাংলাদেশের জন্য কিছু সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান। তবে এ ম্যাচটিও কঠিন চ্যালেঞ্জের হবে। তাই মানসিকতায় বদল আনতে পারলে মাঠের লড়াইয়ে নারী দল ভালো কিছু করে দেখাতে পারে বলে বিশ্বাস করেন কোচ বাটলার।
আগামী ৩ মার্চ এশিয়ান কাপে বাংলাদেশের মিশন শুরু হবে। এর আগে প্রস্তুতির জন্য আরো বেশ কয়েকদিন হাতে সময় পাচ্ছে নারী দল। গতকাল ম্যাচ খেলায় অনেক ধকল গেছে ঋতুপর্ণাদের। তাই রিকভারি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ মাঠে কোনো অনুশীলন রাখছেন না কোচ। তবে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পুরো দল সুইমিং পুলে রিকভারি সেশনে অংশ নেবে।
এশিয়ান কাপে বাংলাদেশের সূচি
‘বি’ গ্রুপ : বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান
৩ মার্চ, প্রতিপক্ষ চীন
৬ মার্চ, প্রতিপক্ষ উত্তর কোরিয়া
৯ মার্চ, প্রতিপক্ষ উজবেকিস্তান