হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ অভিষেকে মেসির পথে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। আর অভিষেক বিশ্বকাপেই কিংবদন্তিদের জার্সি নাম্বার গায়ে চাপিয়ে মহারণের মঞ্চ মাতাবেন স্পেনের বিস্ময়বালক। বিশ্বকাপে ইয়ামাল পরবেন ১৯ নম্বর জার্সি। এই নম্বরটি পরে নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন লিওনেল মেসি।

স্পেন বিশ্বকাপের জন্য তাদের আনুষ্ঠানিক জার্সি নম্বর প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরলেও ইয়ামাল জাতীয় দলে পরবেন নিজের পরিচিত ১৯ নম্বর জার্সি। অন্যদিকে স্পেনের ১০ নম্বর জার্সি পেয়েছেন তার বার্সেলোনার সতীর্থ দানি ওলমো।

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামালকে অনেকেই স্পেনের সবচেয়ে বড় ভরসা হিসেবে দেখছেন। তাই ১৯ নম্বর জার্সিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, বিশ্বকাপ ইতিহাসে এই নম্বরটি বহু স্মরণীয় ফুটবলারের সঙ্গে জড়িয়ে আছে। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় মেসির গায়েও ছিল ১৯ নম্বর জার্সি। জার্মানির মাটিতে সেই বিশ্বকাপেই সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় তরুণ তারকায় পরিণত হন তিনি। পরে অবশ্য আর্জেন্টিনার কিংবদন্তি ‘১০ নম্বর’ জার্সির উত্তরাধিকারী হন মেসি।

১৯ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে আছে জার্মান কিংবদন্তি মারিও গোটসের নামও। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে যে গোলটি জার্মানিকে শিরোপা এনে দিয়েছিল, সেই ম্যাচে গোটসের জার্সি নম্বর ছিল ১৯। ইতালির সাবেক তারকা লিওনার্দো বোনুচ্চি দীর্ঘ সময় জাতীয় দলে ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন।

স্পেনের ইতিহাসেও এই নম্বরের আলাদা গুরুত্ব রয়েছে। সাবেক স্ট্রাইকার হুলিও সালিনাস তিনটি বিশ্বকাপে স্পেনের হয়ে ১৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন এবং বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকার রেকর্ডও দীর্ঘদিন তার দখলে ছিল। তাই ইয়ামালের জন্য ১৯ নম্বর শুধুই একটি জার্সি নম্বর নয়, বরং এটি বিশ্বকাপ ইতিহাসের একটি বিশেষ উত্তরাধিকারও বটে।

এদিকে স্পেনের ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনারও শেষ নেই। ২০২২ কাতার বিশ্বকাপে এই নম্বরটি ছিল মার্কো আসেনসিওর দখলে। তবে তিনি বর্তমান বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। এবার সেই দায়িত্ব পেয়েছেন দানি ওলমো।

বিশ্বকাপে স্পেনের লক্ষ্য দ্বিতীয় শিরোপা জেতা। আর সেই অভিযানে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ইয়ামাল। ১৯ নম্বর জার্সি পরে তিনি যদি আলো ছড়াতে পারেন, তাহলে মেসির মতোই হয়তো তার বিশ্বকাপ যাত্রার শুরুর গল্পটিও একদিন কিংবদন্তির অংশ হয়ে যাবে।

ইরাকের হুসেনকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

স্পেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স

তামিমই বিসিবির সভাপতি নির্বাচিত

টানা নবম জয় নিয়ে বিশ্বকাপের পথে জার্মানি

এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

বিশ্বকাপের আগে ভিসা বিতর্ক, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ

মেসিকে বিশ্রামে রেখেও জয়ের ছন্দে আর্জেন্টিনা

হুমকির মুখে বিশ্বকাপের পাঁচ রেকর্ড

গরিলা-হাতি-জিরাফ-পুমা এখন বিশ্বমঞ্চের জ্যোতিষী