বাংলাদেশ ফুটবল লিগে আজ রীতিমতো গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস ৭-০ গোলে হারায় ওয়ান্ডারার্সকে। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে ফর্টিস। অন্য ম্যাচে চট্টগ্রাম সিটিকে ২-১ গোলে হারায় ঢাকা সিটি ক্লাব। রহমতগঞ্জ ও পিডব্লিউডি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথম মিনিট থেকেই গোল উৎসব করে কিংস। চার মিনিট পর আরো একটি গোল পায় তারা। প্রথমার্ধে আর গোল পায়নি কিংস। তবে পরের অর্ধে আরো পাঁচটি গোল করে দলটি। কোনো ভাবেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি ওয়ান্ডারার্স। কিংসের পক্ষে সাব্বির হোসেন হ্যাটট্রিক উপহার দেন। আর জোড়া গোল করেন রাকিব হোসেন। মোহাম্মদ আব্দুল্লাহ ও মানিষ ধাঙ্গি একটি করে গোল করেন।
অন্যদিকে গোপালগঞ্জে ব্রাদার্সের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি ফর্টিস। তবে বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে শুরু হয় ফর্টিসের আন্দোৎসব। ৬৮ মিনিটে ইনসান হোসেন, ৭৫ ও ৮১ মিনিটে ওমর বাবু, ৮৩ মিনিটে স্টিভেন চুকউডি এবং যোগ করা সময়ে রাফায়েল টুডু গোল করেন।
বড় জয়ে পয়েন্ট টেবিলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ফর্টিস। অবশ্য ৭ পয়েন্ট অর্জন ঢাকা সিটি ক্লাবেরও। গোল গড়ে পিছিয়ে থাকায় টেবিলের দুই নম্বরে তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বসুন্ধরা কিংস।