নানা বিষয় নিয়ে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে কর্মকর্তারা। সেখানে তিনটি বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছে ফুটবল ফেডারেশন। সম্ভাব্য সেরা কোচ দিতে চায় বাফুফে। এ জন্য মোটা অঙ্কের অর্থও গুনতে হবে। তাই সরকারের কাছে অর্থ সহায়তা চেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অন্যদিকে, সম্প্রতি দীর্ঘ মেয়াদে ব্যবহারের জন্য ফুটবল ফেডারেশনকে তিনটি মাঠ বরাদ্দ দিয়েছে সরকার। তবে নতুন মাঠ চায় বাফুফে। পূর্বাচলে ক্রিকেটের নিজস্ব নতুন স্টেডিয়ামের মতো ফুটবলেরও মাঠ দরকার। বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কক্সবাজারে এক্সিলেন্স সেন্টারের জন্য জমির মূল্যবাবদ বাফুফের কাছে ৮ কোটি টাকা চেয়েছিল সরকার। তবে বাফুফের চাওয়া, সেই পুরো টাকা যেন মওকুফ করা হয়। তাহলে ফিফার অর্থায়নে কক্সবাজারের প্রজেক্টটি হবে।
বাফুফের সঙ্গে বৈঠক শেষে হামজাদের জন্য নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ‘আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছি (বাফুফেকে)। আমরা এখনো চূড়ান্ত (কোচ) করিনি, আসলে কাকে নেব। বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, সেখানে সম্ভাব্য সেরা যিনি হবেন আমরা যাতে তাকে আনতে পারি।’
ফুটবলের নতুন স্টেডিয়াম প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা আলোচনা হয়েছে। এটা নিয়ে নির্দিষ্ট কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। তারা ঢাকার আশপাশে কয়েকটি ভেন্যুর কথা বলেছে। আমি বলেছি, আপনারা নিজেরা গিয়ে আগে পরিদর্শন করে আসুন, তারপর আমাদের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে যেটা ভালো হয়, সেদিকে আমরা এগোতে পারব।’