নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। পাশাপাশি সাবেক খেলোয়াড়দের কল্যাণে গড়ে ওঠা সোনালী অতীত ক্লাবকে একটি স্বনির্ভর ও টেকসই প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
এক বিবৃতিতে গাফফার বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের নেতৃত্বে একজন সাবেক ফুটবলারকে ক্রীড়ামন্ত্রী হিসেবে পাওয়া গর্বের বিষয়। তবে ক্রীড়াঙ্গনের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে ক্রীড়া প্রশাসনকে রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত রাখা জরুরি। রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ক্রীড়ার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
গত কয়েক বছরে রাজনীতির নেতিবাচক প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে দেখা গেছে। খেলাধুলার উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদে স্পোর্টিং ডিরেক্টর পদ পুনঃপ্রতিষ্ঠা করে অভিজ্ঞ ক্রীড়াবিদকে নিয়োগের পরামর্শ দেন গাফফার।