হোম > খেলা > ফুটবল

কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

উদযাপনের আনন্দেই ট্র্যাজেডি

স্পোর্টস রিপোর্টার

মেক্সিকোর বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে থ্রি লায়নস শিবিরে এই ঐতিহাসিক জয়ের মহাসুখের মুহূর্তটি মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় কবজি ভেঙে ফেলেছেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। আর এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে চলতি বিশ্বকাপের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে গেছেন সাবেক এই লিভারপুল অধিনায়ক।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠেন ইংলিশ ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন হেন্ডারসনও। কিন্তু উদযাপনের এক পর্যায়ে আচমকাই ভারসাম্য হারিয়ে মাঠের পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডের ওপর ছিটকে পড়েন যান।

পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। মাঠে থাকা চিকিৎসাকর্মীরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন এবং তাৎক্ষণিকভাবে অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় মাঠেই স্ট্রেচারে করে তুলে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে জানা যায়, তার কবজির হাড় ভেঙে গেছে।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের জয়ের আনন্দের চেয়ে হেন্ডারসনের চোট নিয়েই বেশি চিন্তিত দেখাল ইংল্যান্ডের কোচ টমাস টুখেলকে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'জর্ডানের কবজিতে গুরুতর চোট লেগেছে। এই অসাধারণ জয়ের রাতের সঙ্গে এটা একেবারেই মানানসই নয় যে জর্ডান এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। তার পরবর্তী চিকিৎসা কীভাবে হবে, সেটা আমি এখনও নিশ্চিত নই। ডাক্তার শুধু জানিয়েছেন, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।'

দলের তরুণ তারকা জুড বেলিংহ্যামও সিনিয়র সতীর্থের এমন চোটে ম্রিয়মাণ। তিনি বলেন, 'ও কিছুটা সমস্যায় আছে। তবে আমাদের মেডিকেল দল পুরো বিষয়টি দেখভাল করছে। আসলে ঠিক কী ঘটেছে, তা আমি পুরোপুরি না জেনে বেশি কিছু বলতে চাই না। তবে চোট পাওয়ার পর সবাই যেভাবে ওর পাশে দাঁড়িয়েছিল, সেটা ছিল দেখার মতো সুন্দর একটি মুহূর্ত।'


চলতি বিশ্বকাপে মাঠে খুব বেশি সময় খেলার সুযোগ পাননি এই অভিজ্ঞ মিডফিল্ডার। পানামার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন। মেক্সিকোর বিপক্ষে এই মহাগুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচেও ছিলেন বেঞ্চে। অবশ্য বেঞ্চে থাকলেও ম্যাচ চলাকালীন টাচলাইনের পাশে এক উত্তপ্ত মুহূর্তে জড়িয়ে হলুদ কার্ড দেখেছিলেন, যা ম্যাচে তার সক্রিয় থাকারই প্রমাণ দেয়।

মাঠে নিয়মিত না হলেও, ড্রেসিংরুমে এবং মাঠের বাইরে তরুণ ইংল্যান্ড দলকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হেন্ডারসনের মতো অভিজ্ঞ নেতার উপস্থিতি ছিল অনস্বীকার্য। নকআউট পর্বের এই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে তার এভাবে ছিটকে যাওয়া টুখেলের শিবিরের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা।

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

টিভির পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় পর্তুগাল-স্পেনের বিশ্বকাপ ম্যাচসহ বাংলাদেশের ক্রিকেট খেলা

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো

গোলের রাজা, সংকটের ত্রাতা

ইসরায়েলি গোলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টিভির পর্দায় আর্জেন্টিনা-কেপ ভার্দে বিশ্বকাপ ম্যাচের সঙ্গে টেনিসের রোমাঞ্চ