ক্লাব কর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে তাতেও শাস্তি এড়াতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার। ক্লাব ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় তাঁকে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর মিক্সড জোনে ইউনাইটেডের দলবদলনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্টিনেজ। তাঁর অভিযোগ, গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত অর্থ খরচ করেনি ক্লাব এবং প্রয়োজনীয় মানের খেলোয়াড়ও দলে আনতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা থেকেই এমন মন্তব্য করেন তিনি।
ঘটনার পর বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মার্টিনেজ। আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এই ডিফেন্ডার। তিনি জানান, ক্লাবের কর্মকর্তা ও প্রধান কোচের সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক হয়েছে। সেখানে মঙ্গলবারের ম্যাচের পর ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েও কথা হয়েছে।
মার্টিনেজ বলেন, তিনি আবেগপ্রবণ মানুষ এবং ফুটবল তাঁর জীবনের সবকিছু। হারের পর হতাশা থেকেই তাৎক্ষণিকভাবে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন, তবে সেটি সঠিক হয়নি বলেই তিনি ক্ষমা চেয়েছেন।
২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া মার্টিনেজের বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুমের শেষ পর্যন্ত। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও, দ্য গার্ডিয়ানের সাংবাদিক জেমি জ্যাকসনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৌসুম শেষেই ক্লাব ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। ওই প্রতিবেদনে তাঁর সাম্প্রতিক মন্তব্যকে দলবদলের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কৌশল হিসেবেও দেখা হয়েছে।
এদিকে ফ্ল্যাশস্কোরে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিক ডিন জোন্স জানিয়েছেন, মার্টিনেজকে দলে নিতে আগ্রহী অ্যাটলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার আগ্রহ তাঁর নিজেরও রয়েছে বলে জানা গেছে।