হোম > খেলা > ফুটবল

এসি মিলানের হার, জিতল লেভারকুসেন ও জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক

উয়েফা ইউরোপা লিগে গতকালের রাতটা ছিল অঘটন আর চমকের। নিজেদের মাঠ সান সিরোয় হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের কাছে ২-০ গোলে হেরেছে এসি মিলান। অন্যদিকে জার্মানিতে বায়ার লেভারকুসেনকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে মার্সেই। আর নেদারল্যান্ডসে এজেড আলকমারকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

মিলানের জন্য রাতটি ছিল হতাশার। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুই গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় ফেরেঙ্কভারোস। ৫২ মিনিটে গোলরক্ষক লরেঞ্জো তোরিয়ানির ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লেনি জোসেফ। ১৪ মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় বামিদেলে ইউসুফ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও একজন বেশি নিয়েও গোল করতে পারেনি মিলান। চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার। তিন পয়েন্ট নিয়ে দলটি এখন তালিকার ২৮তম স্থানে।

জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অপেক্ষাকৃত নিষ্প্রভ ম্যাচে শেষ দিকে জ্বলে ওঠে মার্সেই। ৭৭ মিনিটে মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করেন আমিনে গুইরি। তাঁর সেই দৃষ্টিনন্দন গোলেই ১-০ ব্যবধানের জয় পায় ফরাসি ক্লাবটি। চার ম্যাচের পর এটিই তাদের প্রথম জয়।

এদিকে এজেড আলকমারের মাঠে জুভেন্টাসকে এগিয়ে দেন ১৯ মিনিটে তেউন কুপমেইনার্স। প্রতিপক্ষ অধিনায়ক পিয়ার কুপমেইনার্স তাঁর ভাই। প্রথমার্ধ শেষ হওয়ার আট মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন রঁদাল কোলো মুয়ানি। শেষ দিকে মেক্স মিয়ারডিঙ্ক এক গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি স্বাগতিকেরা। ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠেছে জুভেন্টাস।

রোনালদোকে শ্রদ্ধা-ভালোবাসায় ভাসালেন সতীর্থরা

দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি

হাসানের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ইতিহাস গড়ে কোমোর ৯ গোল

প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু ভারতের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর