একটা দলের জয়ে স্কোরলাইন বলে দেয় ব্যবধান। কিন্তু সেই জয়ের ভেতরে লুকিয়ে থাকা গল্পটা বুঝতে হলে আলো ফেলতে হয় মাঠে। বলের দখল থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের মুভমেন্ট, বোঝাপড়া এবং সম্মিলিত আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যতিব্যস্ত করে তোলাই হলো একটি গল্প। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয় তাই শুধু চারটি গোলের গল্প নয়; এটি একটি দল হয়ে ওঠারও গল্প। যেখানে ছিল গতি, ছিল তীব্রতা, ছিল প্রত্যেকের অংশগ্রহণ, আর ছিল জয়ের জন্য একদল মানুষের সম্মিলিত তাগিদ। যেটা এ দেশের ফুটবলে দেখে মেলেনি বহুদিন।
জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উৎসবের উপলক্ষ তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু মাঠের বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছে, তারা শুধু দর্শকদের আনন্দ দিতে নামেনি। লক্ষ্য ছিল প্রতিপক্ষকে চাপে রাখা, বলের নিয়ন্ত্রণ নেওয়া এবং সুযোগ পেলেই আঘাত হানা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেই পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। শ্রীলঙ্কাকে নিজেদের মতো করে খেলতে দেয়নি বাংলাদেশ। বল হারালে দ্রুত ফিরে পাওয়ার চেষ্টা, মাঝমাঠে চাপ তৈরি, দুই প্রান্ত দিয়ে আক্রমণ এবং সামনে জায়গা পেলেই দ্রুত এগিয়ে যাওয়া; সব মিলিয়ে দলের খেলায় ছিল অন্য রকম প্রাণ।
এই বদলে যাওয়ার কেন্দ্রে ছিলেন অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী। অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার পর প্রথম ম্যাচেই যেন দায়িত্বের নতুন ভাষা খুঁজে পেয়েছেন তিনি। শুধু নিজের পায়ের কারুকাজে নয়, সতীর্থদের খেলায় যুক্ত করতেও ছিলেন সক্রিয়। কখনো বল চেয়ে নিচে নেমেছেন, কখনো সামনে এগিয়ে আক্রমণের গতি বাড়িয়েছেন, আবার কখনো সতীর্থদের অবস্থান বুঝে পাসের দিক ঠিক করেছেন। তার উপস্থিতি মাঝমাঠে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সবচেয়ে বড় কথা, দলের অন্যদের মধ্যেও তৈরি হয়েছে সাফল্যের জন্য মরিয়া তাগিদ।
আক্রমণের ছবিটাও ছিল বেশ পরিষ্কার। এক পাশে ফারহান আলী ওয়াহিদের গতি ও ড্রিবলিং, অন্য পাশে শমিত শোমের উপস্থিতি; মাঝখানে হামজার নিয়ন্ত্রণ ও সংযোগ। সঙ্গে ডান প্রান্তে রাকিব হোসেনের দৌড় আর মোহাম্মদ ইব্রাহিমের উপস্থিতি। ফলে প্রতিপক্ষের রক্ষণ সারাক্ষণ তটস্থ থাকতে হয়েছে। বাংলাদেশ শুধু এক দিক দিয়ে আক্রমণ করেনি; কখনো পাশ বদলেছে, কখনো মাঝখান দিয়ে ঢুকেছে, কখনো আবার উইং থেকে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছে। পাসিং, ওভারল্যাপিং এবং বল হারানোর পর দ্রুত আক্রমণাত্মক অবস্থানে ফেরার এই প্রবণতাই শ্রীলঙ্কার রক্ষণকে ব্যস্ত রেখেছে।
দ্বিতীয়ার্ধে ফারহান যা করলেন, সেটি ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন দৃশ্য। ৫৩ মিনিটের সেই গোল শুধু ব্যবধান ৩-০ করেনি, বাংলাদেশের আক্রমণভাগে ব্যক্তিগত প্রতিভার ঝলকও দেখিয়েছে।
রাকিবের করা শেষ গোলটিও ছিল আলাদা স্বাদের। গোলরক্ষক এগিয়ে আসতেই নিখুঁত চিপে বল তুলে দিলেন তার মাথার ওপর দিয়ে। রাকিবের জন্য গোলটি ছিল বিশেষ; জাতীয় দলের হয়ে প্রায় দেড় বছর পর গোল পেলেন তিনি। আর বাংলাদেশের জন্য সেটি ছিল দাপুটে রাতের সমাপ্তি।
৪-০ গোলের এই জয়ের তাৎপর্য আরো বড়। গোল করার জন্য একজন নির্দিষ্ট স্ট্রাইকারের ওপর নির্ভর করতে হয়নি বাংলাদেশকে। চার গোল এসেছে চারজনের পা থেকে—শমিত, হামজা, ফারহান ও রাকিব। অর্থাৎ আক্রমণের দায়িত্ব ভাগ হয়েছে, গোলের উৎসও হয়েছে বহুমুখী। মাঝমাঠ থেকে উইং, উইং থেকে বক্স—প্রতিটি জায়গায় খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করার পর সুযোগ কাজে লাগানোর সামর্থ্যও দেখিয়েছে দল।
আজ সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। নকআউটের চাপ গ্রুপ পর্বের চেয়ে আলাদা, প্রতিপক্ষও নিশ্চয়ই বাংলাদেশের এই আক্রমণাত্মক ছন্দ থামানোর পরিকল্পনা করবে। তার ওপর সাদ উদ্দিনের চোট নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। তবু শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস হতে পারে।
হামজার নেতৃত্বে দলটি যদি এই সংহতি ধরে রাখতে পারে, যদি ফারহান-রাকিবের গতি, শমিতের উপস্থিতি আর মাঝমাঠের নিয়ন্ত্রণ একই সুতোয় বাঁধা থাকে, তাহলে বাংলাদেশকে থামানো সহজ হবে না। কোচ ডুলি তার কাঙ্ক্ষিত একাদশের কাছাকাছি পৌঁছে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে শুধু ১১ জন খেলোয়াড় ছিলেন না, লক্ষ্যও ছিল এক। আর ফুটবলে বড় সাফল্যের শুরুটা হয় সম্মিলিত লক্ষ্যের ‘পারফেক্ট ইভেলেন’ থেকেই।