মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে যোগ দেন জাতীয় দলের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। খুদে খেলোয়াড়দের সঙ্গে দারুণ সময় কাটান লেস্টার সিটির এই খেলোয়াড়। চার দিনের সফরে ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। তৃণমূলে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন হামজা। সংক্ষিপ্ত বক্তব্যে হামজা বলেন, এখান থেকে ভবিষ্যৎ তারকা খেলোয়াড়রা উঠে আসবে। বড় মাপের খেলোয়াড় হবে তারা এবং হামজা কিংবা জামালদেরও তারা ছাড়িয়ে যাবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রশংসা করে হামজা বলেন, ‘আমাকে আমন্ত্রণের জন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এটি অসাধারণ কাজ। তিনি এমন কিছু করছেন, যারা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। খেলাধুলায় বাংলাদেশ বিশ্ব মানচিত্র জায়গা করে নেবে। সবার জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ।’
হামজার সঙ্গে নতুন কুঁড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। তিনি বলেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে। প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইনস্পিরেশনটা দিয়েছেন, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক তরুণ এবং তরুণী ইনস্পিরেশন পাবে খেলাধুলায় থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’