নারী সাফ চ্যাম্পিয়নশিপ
সর্বশেষ সাফের দুই আসরে ফাইনালে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এরপর ২০২৪ সালের ফাইনালেও নেপালকে হারিয়ে (২-১ গোলে) টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের জার্সিধারীরা। এবার সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন তাদের। এ যাত্রায় আবার নেপালকে হারানোর প্রত্যয় বাংলাদেশ শিবিরে।
আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনালে দুদল মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে। ফাইনালের ওঠার লড়াইয়ের আগে গত ভারত ম্যাচের পারফরম্যান্স বাংলাদেশকে ভাবাচ্ছে। কেননা ভারতের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় মানসিকভাবে চাঙা হয়ে নারী দলকে এখন সেরাটা খেলাই হবে বড় চ্যালেঞ্জের।
গত এশিয়ান কাপে উত্তর কোরিয়া ও চীনের বিপক্ষে খেলে যে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ, কয়েক মাসের ব্যবধানে দলের এমন পারফরম্যান্স সত্যিই বিস্ময়কর। ভারতের কাছে হারের পর অনেক প্রশ্ন সামনে আসলেও সব পেছনে ফেলে আজ ফাইনালে চোখ রেখেই খেলবে বাংলাদেশ। ভুল-ত্রুটি শুধরে নিয়ে নেপালের বিপক্ষে স্বরূপে ফিরতেই মাঠে নামবে কোচ পিটার বাটলারের দল।
শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এজন্য তরুণ খেলোয়াড়দের প্রতিই আস্থা রাখছেন কোচ বাটলার। তিনি বলেন, ‘আমরা নেপালের বিপক্ষে ভালো খেলতে পারি এবং তাদের হারাতে পারি। তবে আমাদের ঘুরে দাঁড়ানো নির্ভর করছে, খেলোয়াড়রা কীভাবে খেলবে, সেটির ওপর।
ভারত ম্যাচের হতাশা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান কোচ বাটলার। গত ম্যাচে হারের কোনো অজুহাত দাঁড় করাতে চান না এই ইংলিশ কোচ। বাটলার জানান, খেলোয়াড়দের চাপমুক্ত রাখছেন, যাতে মাঠে সেরাটা দিয়ে খেলতে পারেন তারা। গত ম্যাচে অধিনায়কত্ব হারানো আফঈদা খন্দকারকে খেলাননি কোচ বাটলার। তাকে বিশ্রামে রাখার কথা বললেন। অন্যদিকে, মা হারানো শিউলি আজিমকে খেলানোর ব্যাপারে বাংলাদেশ কোচ জানান, শিউলি অনেক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়। দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফুটবলার। তার খেলাটা দলে বড় প্রভাব ফেলবে।
এদিকে দুইবার বাংলাদেশের কাছে হেরে সাফের শিরোপা বঞ্চিত হওয়া নেপাল প্রতিশোধ নয়, আজ সেমিফাইনাল জিততে চায়। অতীতের চেয়ে এবার নেপাল অনেক ভালো ভাবে প্রস্তুত বলে জানালেন কোচ নবীন নিউপানে। দলের সব খেলোয়াড় ফিট আছেন। কোনো ইনজুরি নেই। মেয়েরা এখন সেরাটা দিতে মুখিয়ে আছেন।
নেপাল কোচ নিউপানে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সাফ শিরোপা জয়। এদিকেই আমরা মনোযোগ দিচ্ছি। আমরা ভালো খেলার চেষ্টা করব। আশা করি, ভালো লড়াই হবে। নেপাল আক্রমণভাগে সাবিত্রা ভান্ডারিকে মিস করবে। তাদের নিয়মিত এ অধিনায়ক চোটে পড়ে বর্তমানে পুনর্বাসনে আছেন। তবে নেপালের তরুণ আক্রমণভাগের খেলোয়াড়রা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে ফিফটি ফিফটি হিসেবে দেখছেন নেপাল কোচ নিউপানে। তার মতে, যে দল সুযোগ কাজে লাগাতে পারবে, তাদের মুখেই জয়ের হাসি ফুটবে।
সাফে বাংলাদেশ-নেপালের পরিসংখ্যান
২০২৪: বাংলাদেশ ২-১ নেপাল (ফাইনাল)
২০২২: বাংলাদেশ ৩-১ নেপাল (ফাইনাল)
২০১৯: বাংলাদেশ ০-৩ নেপাল (গ্রুপ পর্ব)
২০১৪: বাংলাদেশ ০-১ নেপাল (সেমিফাইনাল)
২০১০: বাংলাদেশ ০-৩ নেপাল (সেমিফাইনাল)