ফুটবল ও বাস্কেটবলের এক অনন্য মেলবন্ধন ঘটাতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে কাতালান ক্লাবটির সম্ভাব্য নতুন জার্সির নকশায় উঠে এসেছে বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ও তার ক্লাব লস অ্যাঞ্জেলস লেকার্সের প্রতি শ্রদ্ধা।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগামী মৌসুমে বার্সার অ্যাওয়ে জার্সি হবে গাঢ় বেগুনি রঙের, যার সঙ্গে থাকবে সোনালী লোগো। এই রঙের সংমিশ্রণটি কোবি ব্রায়ান্টের বিখ্যাত ‘ব্ল্যাক মাম্বা’ পরিচয়ের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। প্রচলিত রঙের বাইরে গিয়ে এমন রাজকীয় ডিজাইন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুধু অ্যাওয়ে কিটই নয়, বার্সার ঐতিহ্যবাহী হোম জার্সিতেও আসছে বড় পরিবর্তন। জানা গেছে, নতুন ডিজাইনে ব্যবহার করা হতে পারে সাতটি ভিন্ন শেড—তিনটি লাল ও তিনটি নীলের মিশেলে তৈরি হবে এক বিশেষ গ্রেডিয়েন্ট ইফেক্ট। ধারণা করা হচ্ছে, নবনির্মিত স্পোটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের আধুনিক স্থাপত্য ও আলোকসজ্জা থেকেই অনুপ্রাণিত এই নকশা।
জার্সিতে আগের মতোই থাকবে স্পোটিফাই ও নাইকির লোগো। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট হেডলাইন্স এই ডিজাইন ফাঁস করলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রতি মৌসুমের মতো এবারও সম্ভাব্য নতুন কিট ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।