হোম > খেলা > ফুটবল

রোনালদোর গোলের সেঞ্চুরি, শিরোপার দুয়ারে আল নাসর

স্পোর্টস ডেস্ক

দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে করলেন গোলের সেঞ্চুরি। পর্তুগিজ মহাতারকার কীর্তি গড়ার ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন তার সতীর্থ জোয়াও ফেলিক্সও। আদায় করে নিয়েছেন দুর্বার এক হ্যাটট্রিক। দুজনের ঝলকে বৃহস্পতিবার রাতে সৌদি লিগে আল শাবাবের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে আল নাসর। এ জয়ে লিগ শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে গেছে সিআর সেভেনের দল। এতে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরো শক্ত করেছে আল নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে তারা এখন এগিয়ে পরিষ্কার ৫ পয়েন্টে।

এখন পর্যন্ত ৩২ ম্যাচে আল নাসরের সংগ্রহ ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পুঁজি ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট। এখন তিন ম্যাচ হাতে রয়েছে আল হিলালের, আল নাসরের হাতে আছে দুই ম্যাচ। সৌদি প্রো লিগে আগামী মঙ্গলবার আল নাসর মোকাবিলা করবে আল হিলালকে। ম্যাচটি জিতলেই সৌদি আরবে রোনালদো প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পাবেন।

এই ম্যাচ জিতলে আল নাসরের পয়েন্ট হবে ৮৫। তখন নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও আল হিলাল পাবে সর্বোচ্চ ৮৩ পয়েন্ট। ফলে আর আল নাসরের পয়েন্ট স্পর্শ করতে পারবে না আল হিলাল। তবে সেই ম্যাচে কোনোভাবে হেরে গেলে বিপদে পড়তে হতে পারে রোনালদোর দল।

কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে জোড়া গোল পূর্ণ করে দলকে ২-০ ব্যবধানে লিড এনে দেন ফেলিক্স। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ান্নিক কারাসকো একটি গোল শোধ করলে স্কোরলাইন হয়ে যায় ২-১।

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে রোনালদো গোল উপহার দেন। সাদিও মানের ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জাল কাঁপান পর্তুগিজ মহাতারকা। এর মধ্য দিয়ে সৌদি লিগে নিজের শততম গোলের মাইলফলকে পৌঁছে গেছেন রোনালদো। সৌদি লিগে গোলের শতক ছুঁতে ১০৫ ম্যাচ খেলেছেন এ পর্তুগিজ কিংবদন্তি।

রোনালদোর বর্ণিল ক্যারিয়ারের ৯৭১তম গোল এটি। হাজারতম গোলের দেখা পেতে রোনালদোর দরকার আরো ২৯ গোল। চলতি লিগ মৌসুমে এটি ছিল তার ২৬তম গোল। ম্যাচের ৮০ মিনিটে আরেকটি গোল শোধ করে আল শাবাব। তবে ইনজুরি টাইমে হ্যাটট্রিক তুলে নিয়ে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন ফেলিক্স।

একনজরে

আল শাবাব ২-৪ আল নাসর

ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

কিংসের সঙ্গে শিরোপার রেসে আবাহনী ও ফর্টিস

নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা

এমবাপেকে বিক্রি করতে ৩ কোটির বেশি সমর্থকের স্বাক্ষর, চাপে রিয়াল তারকা

অনুশীলনে হাতাহাতি, শাস্তির মুখে ভালভার্দে-চুয়ামেনি

রোনালদোর শততম লিগ গোলে শিরোপার আরও কাছে আল নাসর

আজ শুরু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

৩৭ লাখ টাকা বেতন চান ব্রাজিল কোচ মিকেল

সরকারের কাছে বাফুফের চাওয়া জানালেন সভাপতি

দুই গোলরক্ষককে ছাড়াই থাইল্যান্ডে গেল নারী দল