পোশাকেও থাকছে নিষেধাজ্ঞা
এবারের বিশ্বকাপের ভেন্যুগুলোয় ভুভুজেলা বাঁশি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফিফার স্টেডিয়াম আচরণবিধি বলছে, কেবল ভুভুজেলা নয়, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে—এমন কোনো ধরনের যন্ত্র ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই নিষিদ্ধ।
এছাড়া লেজার রশ্মি ছড়ায় এমন যন্ত্র বা লেজার পয়েন্টার গ্যালারিতে নিয়ে যেতে পারবে না দর্শকরা। নিষেধাজ্ঞা এসেছে পোশাকেও। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে কোনোভাবেই পোশাক হিসেবে বিবেচনা করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ।
নিরাপত্তাঝুঁকির অজুহাতে দর্শকদের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।