সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। উৎসাহ জোগাতে নারী দলের ক্যাম্পে হাজির হন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। ক্যাম্পে থাকা খেলোয়াড়দের শুভকামনা জানান বাফুফেপ্রধান।
আজ সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পও পরিদর্শন করেন তাবিথ। সেখানে অনুশীলন করছে আফঈদা খন্দকাররা। এ সময় অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠকও করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি।
আগামীকাল অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প মাঠে ব্যাংকক উইমেন্স লিগের টায়ার-১-এর ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি থাই ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা।
দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১ মে সাফ খেলতে ভারতের গোয়ার উদ্দেশে বিমান ধরবে তারা। ২৫ মে শুরু হবে বাংলাদেশ নারী দলের সাফ মিশন। সাফে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে আফঈদারা। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। আগামী ৬ জুন হবে ফাইনাল। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের সামনে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি।