হোম > খেলা > ফুটবল

মোহামেডানের ভালো দেখতে চান আলফাজ

স্পোর্টস রিপোর্টার

হঠাৎ করেই ফেডারেশন কাপ ও লিগ শিরোপাজয়ী কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের মৌসুমে লিগে দলের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে মোহামেডান ছাড়তে হয়েছে আলফাজকে। লিগে মোহামেডানের ব্যর্থতার দায় কী শুধু এই কোচের একার? গত মৌসুমের চ্যাম্পিয়ন দল ধরে রাখতে পারেনি মোহামেডান। তারকা ফুটবলার সুলেমান দিয়াবাতে চলে গেছেন। বিদেশি খেলোয়াড়ও সেভাবে নিতে পারেনি তারা।

মৌসুম শুরুর সময় মোহামেডানের আর্থিক সংকটের খবর সবার জানা কথা। ক্লাবের অস্থিরতা যে দলেও বেশ প্রভাব ফেলেছে, সেটি বলার আর অপেক্ষা রাখে না। তারপরও দলের পুরো ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন আলফাজ। সাবেক এই ফুটবলার আমার দেশকে বলেন, ‘এই পরিস্থিতিতে আগের মতো পারফরম্যান্স করা কঠিন ছিল। তারপরও চেষ্টা করেছি। দল যেহেতু ভালো করেনি, সেই ব্যর্থতার সব দায় অবশ্যই আমার।’

খেলার মাঠ থেকে শুরু করে সব জায়গায় সমস্যায় জর্জরিত মোহামেডান। এর মধ্যে অন্যতম একটি ইস্যু খেলোয়াড়ের বকেয়া পারিশ্রমিক। বিদেশি খেলোয়াড়দের মধ্যে উজবেকিস্তানের এক মোজাফফরভ ছাড়া কেউই ভালো খেলছে না। সব মিলে কঠিন সময় পার করছে মোহামেডান। এমন সময় দলের ব্যর্থতার দায় দিয়ে কোচ বদল করাটা নানা প্রশ্নের জন্ম দেয়। এভাবে যাওয়াটা অবশ্যই অনেক কষ্টের বললেন আলফাজ আহমেদ।

তিনি বলেছেন, তার বিদায়টা সম্মানজনক হতে পারত। কিন্তু হঠাৎ করে বাদ দেওয়াটা খারাপ লাগার বিষয়। মোহামেডান থেকে বরখাস্ত হলেও এখনো সাত মাসের বেতন বকেয়া আলফাজের। তবে সাবেক একজন খেলোয়াড় ও কোচ হিসেবে মোহামেডান ক্লাবের ভবিষ্যত ভালো দেখতে চান আলফাজ আহমেদ।

ফেডারেশনের কাপের ফাইনাল ১৯ মে

বিশ্বকাপের আগে ইনজুরি আতঙ্কে আর্জেন্টিনা

ভেন্যু বদলের আবেদন খারিজ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

চেলসিকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে ফিরল সিটি

মেরি-লুইসের নতুন ইতিহাস

রোনালদোর জয়ের রাতে আল নাসরের ইতিহাস

চট্টগ্রাম আবাহনীর হোঁচট

আনচেলত্তি দেখালেন আশা, নেইমার খেললেন ৯০ মিনিট

বিবর্ণ মেসি, আবারও ড্রয়ে আটকে গেল মিয়ামি

গোলের বন্যায় ইতিহাস গড়ে শিরোপার পথে বায়ার্ন