এশিয়ান কাপের প্রস্তুতি
আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে ২১তম নারী এশিয়ান ফুটবল কাপের। বাংলাদেশের জন্য আসরটি ঐতিহাসিক হচ্ছে। কেননা, এ প্রথমবার এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এই ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য সিডনিতে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন আফঈদা-ঋতুপর্ণারা। এশিয়ান কাপে চীন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে কঠিন পরীক্ষা তাদের সামনে। এজন্য রুদ্ধদ্বার অনুশীলনে তৈরি হচ্ছেন নারী ফুটবলাররা। তবে সিডনির প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাদের।
আজ চতুর্থ দিনের মতো সিডনির ভ্যালেন্টাইন পার্কের মাঠে অনুশীলন করেছেন তারা। দলের নবীন ফরোয়ার্ড আলপি আক্তার জানালেন, ভালোমতোই চলছে তাদের অনুশীলন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনো পড়েনি। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিমÑসবকিছু হচ্ছে। তো বাসে করে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’
নারী ফুটবল লিগে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এশিয়ান কাপের দলে জায়গা করে নেন আলপি আক্তার। নারী লিগে ১০ ম্যাচে ৩০ গোল করেন এই ফরোয়ার্ড। শুধু তা-ই নয়, সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেও সেরা পারফরম্যান্স উপহার দেন এই প্রতিভাবান ফুটবলার। সাফে সর্বোচ্চ সাত গোল করেন আলপি। প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে রোমাঞ্চকর সময় কাটছে তার। আলপি বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার এবং খেলার। সে ইচ্ছা পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে তাদের সঙ্গে।’
বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ভ্যলেন্টাইন পার্কের মাঠে সফলভাবে শেষ হয়েছে দলের চতুর্থ ট্রেনিং সেশন। এই সেশনজুড়ে ট্যাকটিক্যাল, রক্ষণ ও আক্রমণভাগের প্রতি জোর দেওয়া হয়েছে। খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া হচ্ছে। দল হিসেবে উন্নতি করছেন খেলোয়াড়রা। সিডনির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা। সব মিলে টুর্নামেন্টের জন্য ভালোভাবেই প্রস্তুত হচ্ছে নারী দল।
উল্লেখ্য, এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ চীনের বিপক্ষে, ৩ মার্চ। এরপর সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।