হোম > খেলা > ফুটবল

‘কিংবদন্তিদের আলো নিভে না’, মেসিকে তাপিয়ার আবেগঘন বিদায়ী চিঠি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ হয়েছে, কিন্তু তাঁর গল্প শেষ হওয়ার নয়—এমন বিশ্বাস থেকেই জাতীয় দলের অধিনায়ককে বিদায়ী চিঠি লিখেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া। সেখানে গোল, রেকর্ড কিংবা শিরোপার হিসাব নয়; মেসির বিনয়, পরিশ্রম, দায়িত্ববোধ, সতীর্থদের প্রতি সম্মান এবং প্রজন্মের পর প্রজন্মে রেখে যাওয়া উত্তরাধিকারের কথাই বেশি গুরুত্ব পেয়েছে।

চিঠির শুরুতেই তাপিয়া লিখেছেন, যে দিনটি কেউ আসুক চায়নি, সেটিই শেষ পর্যন্ত এসেছে। তবে তাঁর চোখে এটি কোনো গল্পের সমাপ্তি নয়, বরং একটি অধ্যায়ের শেষ। কারণ কিছু গল্প এতটাই চিরন্তন হয়ে যায় যে সেগুলোর আসলে কোনো শেষ থাকে না।

বিশ্বজোড়া খ্যাতি ও সাফল্যের পরও মেসি কীভাবে নিজের বিনয় ধরে রেখেছেন, সেটিও বিশেষভাবে উল্লেখ করেছেন তাপিয়া। তাঁর মতে, মেসির সামনে নিজেকে প্রমাণ করার আর কিছু না থাকলেও পরিশ্রমে কখনো ছেদ পড়েনি। সতীর্থদের প্রতি সবসময় দেখিয়েছেন সম্মান, নতুনদের আপন করে নিয়েছেন এবং কঠিন সময়ে দাঁড়িয়েছেন দলের পাশে।

সবকিছুর কেন্দ্রে ছিল জাতীয় দলের জার্সির প্রতি তাঁর দায়বদ্ধতা। তাপিয়া লিখেছেন, ‘এই জার্সির প্রতি তোমার দায়বদ্ধতা ছিল। এমন সময়ও ছিল, যখন এই জার্সির ওজন কল্পনার চেয়েও বেশি ভারী হয়ে উঠেছিল।’

মেসির আর্জেন্টিনা-যাত্রায় যে সমালোচনা, সংশয় আর হতাশার সময় এসেছে, সেসবও ভুলে যাননি তাপিয়া। এমন মুহূর্ত ছিল, যখন চাইলে মেসি থেমে যেতে পারতেন। কিন্তু তিনি ফিরে এসেছেন। এরপর এসেছে কোপা আমেরিকার শিরোপা, ওয়েম্বলির স্মরণীয় রাত এবং শেষ পর্যন্ত কাতারের সেই ১৮ ডিসেম্বর—যে দিনটি আর্জেন্টাইনদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে গেছে।

তবে তাপিয়ার কাছে মেসির সবচেয়ে বড় অর্জন কেবল মাঠের সাফল্য নয়। তাঁর মতে, মেসি একই জার্সির নিচে একাধিক প্রজন্মকে একত্র করেছেন। দাদা, বাবা, সন্তান ও নাতি—সবাই একই নীল-সাদা জার্সি পরে একই ১০ নম্বরের জন্য কেঁদেছে, উল্লাস করেছে। এটিকেই তিনি মেসির অন্যতম বড় উত্তরাধিকার হিসেবে দেখেছেন।

চিঠির শেষদিকে তাপিয়া লিখেছেন, একদিন জার্সি তুলে রাখা হয়, ম্যাচ শেষ হয়, স্টেডিয়ামের আলোও নিভে যায়। কিন্তু কিংবদন্তিদের আলো কখনো নিভে না।

তাঁর ভাষায়, যত দিন আর্জেন্টিনায় কোনো ফুটবল গড়াবে, কোনো শিশু নীল-সাদা জার্সি পরে গোল করে আকাশের দিকে চিৎকার করবে, কিংবা কোনো আর্জেন্টাইন মনে রাখবে ১৮ ডিসেম্বর কোথায় ছিল, তত দিন মেসি তাঁদের হৃদয়ে বেঁচে থাকবেন।

সবশেষে মেসিকে নিজের ‘প্রিয় নায়ক’ বলে অভিহিত করেছেন এএফএ সভাপতি। তাপিয়ার বিদায়ী বার্তা—‘আমাদের অধিনায়ক। আমাদের চ্যাম্পিয়ন। আমাদের ১০ নম্বর। আমার প্রিয় নায়ক। সবকিছুর জন্য ধন্যবাদ, লিও। এই জায়গা সব সময় তোমার বাড়ি হয়ে থাকবে।’

বিশ্বকাপজয়ী পেদ্রোর বিদায়

‘তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে ভালোবাসি বন্ধু’

বিদায়ী ম্যাচে ‘লাল-হলুদ’ কার্ড পেলেন মেসি

‘এই সবুজ গালিচা ছেড়ে যেতে মন চাইছে না’

‘আমি আর এখানে আসব না, এটা খুব কষ্টের’

গোল-অ্যাসিস্টে বিদায়ী ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

বসনিয়ার কাছে পোল্যান্ডের হার

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

মেসির জাদুই কেবল উপভোগ করতে চান বেনিন ডিফেন্ডার তিয়ানি

বিদায়ের লগ্নে রোজারিওতে অভিনব শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত মেসি