৩০ বছরের অধ্যায় শেষ করতে যাচ্ছি। ১৯৯৭ সালে আমি বিকেএসপিতে ভর্তি হই জিমন্যাস্টিকসে। আমার শিক্ষক ছিলেন আকরাম স্যার আর তার মিসেস। তারা বেঁচে নেই। তারা না থাকলে আমি ফুটবলার হতে পারতাম না। জানি না, দেশকে কতটুকু দিতে পেরেছি। তবে চেষ্টা করেছি সৎভাবে দেশকে কিছু দেওয়ার। ফুটবল থেকে অনেক কিছু পেয়েছি। নাম, ফেম, অর্থ, ট্রফি আর অর্জন বলেন—অনেক কিছু। এই অর্জনগুলো ফুটবলের মাধ্যমে পাওয়া, ইটস ভেরি টাফ আমার জন্য।
দেশের হয়ে ১৫ বছর খেলা ইটস নট ইজি। ছয় বছর ক্যাপ্টেনসি করেছি। দেশ থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম, তা লাস্ট বিদায়ের সময় পাইনি, বাট ক্লাব দিচ্ছে। এটা যে একজন প্লেয়ারের জন্য কতটুকু চাওয়া-পাওয়া, তা বলে বোঝাতে পারব না কাউকে। আসলে আমাদের অর্জনই তো একটা। সারা জীবন তো ফুটবল খেলতে পারব না, একটাই অর্জন। যত বছর খেলি ক্লাব বলেন, ন্যাশনাল টিম বলেন, এক পর্যায়ে এসে যখন বিদায় বলবেন, ওই বিদায়টুকু যদি সুন্দরভাবে না হয়, তাহলে সারা জীবনের অর্জন থাকে না।
সব সময় তো বলে আসছি আক্ষেপ একটা আছে আর তা হলো সাফ ফুটবল চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ। এডিকেতে (কলকাতা) চ্যাম্পিয়ন টিমের মেম্বার হয়েও মাঠে খেলার সময় না পাওয়া বা টাইম না পাওয়ার একটা আক্ষেপ। এ দুটি আক্ষেপ যতদিন বেঁচে থাকব, ততদিন থেকেই যাবে। আগামীকাল কী করব, তা এখনো ডিসাইড করিনি।