হোম > খেলা > ফুটবল

শক্তিশালী চীনের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

নারী এশিয়ান কাপের মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার

আজ নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপ খেলুড়ে দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন বাংলাদেশের মেয়েরা। তবে প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন তারা। কেননা এশিয়ান নারী ফুটবলের পরাশক্তি দল চীনকে মোকাবিলা করতে হবে তাদের। ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের মেয়েরা।

ফিফা র‌্যাংকিংয়ে ১৭তম অবস্থান তাদের। ফিফা বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার অভিজ্ঞতাও রয়েছে চীনের। যেখানে ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১১২। এশিয়ার সেরা মঞ্চে নবিশ দল বাংলাদেশ। ইতিহাস-ঐতিহ্য, শক্তি-সামর্থ্য, অর্জনে চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে লাল-সবুজের জার্সিধারী। তবে শক্তিশালী চীনের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল। চীনের মেয়েদের চোখে চোখ রেখে লড়াই করতে মুখিয়ে আছেন আফঈদা-ঋতুপর্ণারা। ভয়-ডরহীন ফুটবল খেলে ঐতিহাসিক টুর্নামেন্টে ভালো কিছু উপহার দেওয়ার অপেক্ষায় তারা। চীন প্রবল প্রতিপক্ষ হলেও মাঠের লড়াইয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বাংলাদেশের মেয়েরা।

গত জুলাইয়ে বাছাই পর্বে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে তারা। এই পারফরম্যান্সই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে। গতকাল বাফুফের পাঠানো ভিডিওতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার জানান, দারুণভাবে টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। যে কারণে সিডনির মঞ্চে আসতে পেরেছে বাংলাদেশ।

এবার এশিয়ান কাপের মূল পর্বেও পারফরম্যান্সের ছাপ রাখবে মেয়েরা, এমন প্রত্যাশা কোচ বাটলারের। দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যাচে দলের জয়-পরাজয় ছাপিয়ে দলের জন্য একটা শক্ত ভিত্তি তৈরির কাজ করে যাচ্ছেন এই ইংলিশ কোচ। প্রত্যাশার বেলুন না উড়িয়ে বাস্তবতার কথাই বারবার বলছেন বাটলার। তিনি বলেন, ‘বাস্তবতার কথা চিন্তা করেই আমরা কী অর্জন করতে চাই, সেই প্রত্যাশা করতে হবে। আমরা এখানে বড় প্রত্যাশা নিয়ে আসিনি। আমি বলব, বাস্তবিক লক্ষ্যেই গুরুত্ব দেওয়া উচিত। এই টুর্নামেন্টে আমরা যা অর্জন করতে চাই, সেটি বাস্তবতার নিরিখেই চিন্তা করতে হবে।’

এশিয়ান কাপে প্রতিপক্ষ প্রসঙ্গে কোচ বাটলার বলেন, ‘চীন খুবই ভালো দল। উত্তর এবং উজবেকিস্তানও ভালো দল। তবে আমাদের মূল ফোকাস থাকছে চীন ম্যাচে। আমাদের একটি ম্যাচ পরিকল্পনা রয়েছে। সেভাবে খেলে আমরা জিতব, হারব কিংবা ড্র করব। আমরা বাস পার্ক করে রাখার মতো কাজ করব না। এমন ধরনের দল না আমরা। আমরা গুলিস্তান থেকে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করেছি। আমি স্রেফ বলব, আমি রাগান্বিত নই। আমি বাস্তববাদী। প্রস্তুতিই সবকিছু। ভালো প্রস্তুতি নিতে না পারলে ফল আশা করতে পারবেন না। আমার মনে হয়, এ ব্যাপারে অনেক কথা হয়েছে। আমাদের এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।’

প্রতিপক্ষ চীন প্রসঙ্গে বাংলাদেশ কোচ জানান, চীন শক্তিশালী দল। তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তারা গতিময় ফুটবল খেলে। তাদের খেলার ধরন পর্যবেক্ষণ করেছেন। তারা ভালোভাবেই প্রস্তুত। তাদের দলের কোচিংও ভালো। চীনের বিপক্ষে নিজেদের পরিকল্পনা কী থাকবে? বাটলার জানান, এই ম্যাচটি মেয়েদের জন্য বিশ্বকাপ ম্যাচের মতো। রক্ষণভাগে গুরুত্ব দিতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে সেরা ফুটবলার খেলতে হবে। বাংলাদেশ কোচের ধারণা, অনেকটা ডেভিড বনাম গোলিয়াথ কিংবা বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো লড়াই হবে ম্যাচে।

চীনের বিপক্ষে ভয়হীন ও লড়াকু ফুটবল খেলার লক্ষ্য বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারের। তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। আমাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। কোচ আমাদের যেভাবে খেলবে বলবে, আমরা ওভাবেই খেলব। আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি।’ অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে নিজেদের বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আফঈদা বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমরা এখানে আছি। সবাই উপভোগ করছে। পরিবেশ অনেক সুন্দর। প্র্যাকটিসও গ্রাউন্ডও অনেক সুন্দর। আমরা ভালো করার চেষ্টা করছি।’

সেরাটা চান বাফুফে সভাপতি

সতর্ক চীনের কোচ মিলিচিচ

ইরান বিশ্বকাপে থাকছে কি না, জানে না ফেডারেশন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালিসিমা

ইরান হারলেও জিতে নিয়েছে দর্শকের মন

ইসরাইলি হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত

মেসি জাদুতে ঘুরে দাঁড়ানো জয় মিয়ামির

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

নারীদের সামনে বৈশ্বিক ফুটবলের হাতছানি

আর্সেনাল-ম্যানইউয়ের জয়