বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতির তদন্ত শেষ হয়নি, সামনে আরো কয়েকজনের বিরুদ্ধে আসা অভিযোগ সামনে আসতে পারে, আজ শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটের স্বতন্ত্র চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল।
বিপিএলের দ্বাদশ আসরে আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙার অপরাধে এখন পর্যন্ত সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি। এছাড়া একজনকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্শাল জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া এখনো চলছে এবং খুব দ্রুতই আরো কিছু সিদ্ধান্ত জানা যেতে পারে।
এ প্রসঙ্গে মার্শাল বলেন, ‘আরো বেশ কিছু অভিযোগ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। খুব নিকট ভবিষ্যতেই হয়তো আপনারা আরো নতুন অভিযুক্তের তালিকা দেখতে পাবেন।’
যাদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ আনা হয়েছে, তারা তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন। কেউ কেউ নিজেদের দোষ স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেওয়ার আবেদন করেছেন, আবার কেউ কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেননি।
অ্যালেক্স বলেন, ‘অভিযুক্তদের মধ্যে কিছু ব্যক্তি নিজেদের অপরাধ স্বীকার করে নির্দিষ্ট শাস্তির আর্জি জানিয়েছেন, আর কয়েকজন এখনো অভিযোগের কোনো জবাব দেননি।’
গত ১ সেপ্টেম্বর যে তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের উত্তর দেওয়ার জন্য এখনো কয়েক দিন সময় বাকি আছে। তারা চাইলে এই অভিযোগগুলো মেনে নিতে পারেন অথবা অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে আইনি লড়াই চালাতে পারেন।
মার্শাল বলেন, ‘সর্বশেষ যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গত ১ সেপ্টেম্বরের ঘটনা; তাদের জবাব দেওয়ার জন্য আর দুই বা তিন দিন সময় রয়েছে। তারা চাইলে অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনালে আবেদন করে অভিযোগ অস্বীকার বা চ্যালেঞ্জ করতে পারেন।’