হোম > খেলা > ফুটবল

দলে ফিরলেন বিশ্বনাথ, নতুন মুখ ইশাক

ফুটবল ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল দলের সামনে নতুন মিশন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ লড়াই। বাছাই পর্বের আনুষ্ঠানিকতা শেষ করতে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরকে মোকাবিলা করবে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। এই ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। ২৬ মার্চের সেই ম্যাচে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা লড়বে ভিয়েতনামের বিপক্ষে। এই ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পের জন্য গতকাল ২৮ ফুটবলারকে রেখে দল ঘোষণা করেছে বাফুফে।

ক্যাম্পের ‎দলে জায়গা পেয়েছেন বিশ্বনাথ ঘোষ। অনেক দিন চোটের বিরুদ্ধে লড়াই করে জিতে অবশেষে জাতীয় দলে ফিরলেন বসুন্ধরা কিংসে খেলা এই ডিফেন্ডার। বাংলাদেশের জার্সিতে বিশ্বনাথ সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ছিল ভুটান। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ব্রাদার্সের গোলবারের অতন্দ্র প্রহরী ইশাক আকন্দ। চলতি বাংলাদেশ ফুটবল লিগে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে থাকা ব্রাদার্সের পোস্টের নিচে নিয়মিত মুখ ইশাক। ২৩ বছরের এই গোলরক্ষক লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন। তবে দল থেকে ছিটকে গেছেন কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার।‎ বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংস ছেড়ে গত ফেব্রুয়ারিতে নাম লেখান ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটিতে।

পাঁচ বছর পর কাবরেরার দলে ফিরে চমক দেখিয়েছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। প্রাথমিক ডাক পেয়েছেন ফাহামিদুল ইসলাম, শমিত সোম ও তারিক কাজীর মতো প্রবাসী তারকারা। প্রাথমিক তালিকায় গোলরক্ষক আনিসুর রহমান জিকোর নাম থাকলেও ক্যাম্পে ডাক পানি।

ফুটবল ক্যাম্পের জন্য ঘোষিত ২৮ জনের দলে নেই বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরী। বাফুফে অবশ্য আগেই জানিয়ে রেখেছে, প্রস্তুতি পর্বের প্রথম ধাপে থাকছেন না হামজা। সে জন্যই ক্যাম্পের দলে রাখা হয়নি এই সুপারস্টারকে। ক্যাম্প আজ শুরু হয়ে শেষ হবে ১৯ মার্চ। ঢাকায় ক্যাম্প শেষ করে ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। হামজা সরাসরি দক্ষিণ-পূর্ব এশিয়ার সেই দেশটিতেই যোগ দেবেন দলের সঙ্গে।

অবশ্য এশিয়ান কাপের মূল পর্বের টিকিট ছিনিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে অনেক আগেই। বাছাই পর্বে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে। ঐতিহাসিক জয়টা ধরা দিয়েছে গত নভেম্বরে, দেশের মাটিতে ভারতের বিপক্ষে। বাকি চার ম্যাচে দুই হারের সঙ্গে দুই ড্রয়ে সব মিলিয়ে বাংলাদেশের পুঁজি পাঁচ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর।

২৮ জনের ক্যাম্প

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও ইসহাক আকন্দ।

রক্ষণভাগ : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান ও ইসা ফয়সাল।

মাঝমাঠ : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।

আক্রমণভাগ : আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা