হোম > খেলা > ফুটবল

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

জাহেদ চৌধুরী, নিউ ইয়র্ক থেকে

নিউ ইয়র্কের রাস্তায় এখন অন্যরকম হাওয়া বইছে। সাবওয়ে স্টেশন থেকে টাইমস স্কয়ারসহ সর্বত্র ফুটবলের উত্তেজনা। আর মাত্র কদিন পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬। ৪৮ দলের ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রের ১১ শহরে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল- সবকটি গুরুত্বপূর্ণ ম্যাচের রুদ্ধশ্বাস ফুটবল লড়াইয়ের আসর বসছে যুক্তরাষ্ট্রের ১১ ভেন্যুতে। বিশ্বকাপ আনন্দে শামিল হতে এক কোটি আন্তর্জাতিক দর্শকের ঢল নামবে ‍যুক্তরাষ্ট্রে। ফুটবলের এ মহোৎসবের স্পন্দনে কম্পিত নিউ ইয়র্ক শহরের এ মাথা থেকে অন্য প্রান্ত পর্যন্ত, চার পাশ!

ইতোমধ্যে ৪৮ দলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। মোট এক হাজার ২৪৮ ফুটবলার এ মহাযজ্ঞে অংশ নেবেন। ৩৯ দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের বেস ক্যাম্প খুলেছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এ প্রস্তুতির ফাঁকেই ‍ফুটবল বিশ্বের চার মহাতারকা নিজেদের অনুভূতি ঢেলে দিয়েছেন।

কানসাস সিটিতে নেমেছেন লিওনেল মেসি। ৩১ মে শহরের ডাউনটাউন এয়ারপোর্টে তাকে দেখে ভক্তদের আনন্দ যেন আর ধরে না! পরদিন দলের অনুশীলনে যোগ দিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কানসাস সিটির মানুষের ভালোবাসা আর ফুটবলের পরিবেশ চমৎকার। ফলে শিরোপা ধরে রাখার মিশনে এই শান্তিপূর্ণ পরিবেশে মনোযোগ দেওয়া সহজ হচ্ছে। মেসির এ কথাগুলোই জানান দিচ্ছে সেই সত্যটা-এই তারকা এবারও বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ভারী অডসের বোঝা বহন করছেন। ফ্যান্ডুয়েলের হিসাবে আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে -২০০ অডসে রয়েছে, অর্থাৎ তারা প্রবল প্রতিকূলতার মুখোমুখি।

ফ্লোরিডায় পর্তুগালের বেস ক্যাম্পে সবচেয়ে বেশি আলোচনা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেই। ক্লাব পর্যায়ে অনেক শিরোপা জিতলেও দেশের হয়ে বিশ্বকাপে সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি তার। বয়স জানাচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ। শেষ লড়াইয়ে কি বিশ্বকাপের সেই অপূর্ণতা কাটিয়ে উঠতে পারবেন সিআর সেভেন? ১ জুন দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদো বলেছেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সুন্দর ফ্লোরিডায়। এখানকার ল্যাটিন ও পর্তুগিজ ভক্তদের উন্মাদনা আমাদের পুরো দলকে বাড়তি শক্তি জোগাচ্ছে। পর্তুগালও বিশ্বকাপের বাজির দরে অডসের বিচারে -২৭০ নিয়ে শক্তিশালী অবস্থানে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি এ দলে রোনালদো যেন বিশ্বকাপে তার শেষ মিশনের লড়াইয়ের আগুন জ্বালিয়ে রেখেছেন, যে আগুনে প্রতিপক্ষকে ছারখার করতে প্রস্তুত পর্তুগাল।

নেইমার আছেন একটু কাছেই—নিউ জার্সির মরিস টাউনে। আমার জানালা থেকে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের আলো যেন চোখে পড়ে। ১৩ জুন সে স্টেডিয়ামেই ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে মরক্কোর বিপক্ষে। দীর্ঘ ইনজুরির যন্ত্রণা পেরিয়ে নেইমার বলছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরতে পারা অবিশ্বাস্য লাগছে। কোটি ব্রাজিল সমর্থকের হেক্সার স্বপ্ন পূরণে জীবনের সেরাটা দিতে তিনি প্রস্তুত। ব্রাজিলের অডস -২৭০, তারাও এবারের বিশ্বকাপের শক্তিশালী দাবিদার।

২ জুন ব্রাজিলের বিশ্বকাপ দল নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমান টারমাকে থামার পর পেছনের আকাশজুড়ে ছড়িয়ে থাকা রঙধনু যেন বিশ্বকাপে স্বাগত জানায় পুরো ব্রাজিল দলকে! ব্রাজিলের আগমন এবং এ সময় আকাশে রঙধনু-এ সমীকরণকে সৌভাগ্যের প্রতীক বলছেন অনেকে। আমেরিকায় এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপের আসর বসেছিল। মনে আছে তো, সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল?

হ্যাঁ, আপনি ঠিক; দলটি ছিল ব্রাজিল!

গেল বিশ্বকাপে ফাইনালে জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই স্ট্রাইকার এবার বাড়তি দায়িত্ব নিয়ে এসেছেন। দলের অধিনায়ক তিনি। বিশ্বকাপ মঞ্চে পৌঁছে ফ্রান্সের নতুন অধিনায়ক জানিয়েছেন, দলের প্রাথমিক প্রস্তুতি চমৎকার হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল বেস ক্যাম্পে এসে বিশ্বমঞ্চের আসল উত্তাপ টের পাচ্ছেন তিনি। ২০১৮-এর শিরোপা, কাতারের ফাইনালের আক্ষেপ—সব মিলিয়ে এবার ইতিহাস লেখার স্বপ্ন তার চোখে। বাজির বাজারে ফ্রান্স সবচেয়ে এগিয়ে -৪৫০ অডস নিয়ে আর স্পেন, ইংল্যান্ড, জার্মানি পেছনে।

উৎসব মানেই সব সময় আলো নয়। অন্ধকারও আছে ঘাপটি মেরে। এফবিআই এরই মধ্যে সতর্ক করেছে যে, ৩৬টিরও বেশি ভুয়া ওয়েবসাইট ফিফাডটকমের আদলে বানিয়ে টিকিট ও পণ্য বিক্রির প্রতারণা চালাচ্ছে। সাইবার নিরাপত্তা সংস্থা গ্রুপ আইবি জানিয়েছে, আগস্ট থেকে চার হাজার ৩০০-এরও বেশি ভুয়া ডোমেইন নিবন্ধিত হয়েছে, যার মধ্যে ৩০০-এর বেশি পরিচালনা করছে একটি চীনা গোষ্ঠী। কানাডার টরন্টো পুলিশ ইতোমধ্যে ১৬ হাজারের বেশি নকল জার্সি ও পতাকা জব্দ করেছে। তিন আয়োজক দেশের কর্তৃপক্ষ ভক্তদের শুধু যাচাইকৃত উৎস থেকে টিকিট কিনতে পরামর্শ দিয়েছে।

নিউ ইয়র্কের ব্যস্ত সন্ধ্যায় চারপাশে কান পাতলে শোনা যায় নানা ভাষায় ফুটবলের উত্তেজনা। আর্জেন্টিনার পতাকা হাতে একদল তরুণ তো ব্রাজিলের হলুদ জার্সিতে আরেক দল। পৃথিবীর কোটি কোটি মানুষের মতো এ শহরও এখন একটা নিঃশ্বাসেই বলছেÑবিশ্বকাপ আসছে।

লেখক : ব্যবস্থাপনা সম্পাদক, আমার দেশ

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা

ফ্রান্সকে হারিয়ে শক্তির জানান দিলো আইভরি কোস্ট

ভারতের বিপক্ষে ফাইনাল ঘিরে আত্মবিশ্বাসী মেয়েরা

শীর্ষ ফেভারিট না হওয়াই ব্রাজিলের জন্য সুবিধা: ক্যাসেমিরো

মেসির চোট, ঝুঁকি নিতে নারাজ স্কালোনি

ফুটবলের মহোৎসবের আগে উত্তপ্ত মেক্সিকো

তিন আর্জেন্টাইন ভক্তের ১৭ হাজার কিলোমিটারের স্বপ্নযাত্রা

জিদানের ছেলের দুর্ভেদ্য প্রাচীর, ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি আলজেরিয়ার