রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকেই আলোচনায় আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। তার শুরুটা হয়েছিল আলোর রোশনাইয়ের মতো। সফলতম স্প্যানিশ ক্লাবটিতে স্বপ্নের শুরুটা হয়েছিল দারুণভাবে। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্ভাবনাময় অধ্যায়ই এখন অনিশ্চয়তায় ঘেরা। রিয়ালে নির্ধারিত পজিশনে খেলতে না পারা আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডারকে নিয়ে উদ্বেগ বাড়ছে আর্জেন্টিনা দলে। চারদিকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে।
রিয়ালে আসার পর থেকেই ঝলকানি দেখিয়ে নিয়মিত একাদশে নিজের জায়গা পাকা করেছেন মাস্তানতুয়ানো। তবে সমস্যা হচ্ছে নতুন কোচের অধীনে তার পজিশন নিয়ে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে হঠাৎ করেই বদলে গেছে মাস্তানতুয়ানোর অবস্থান। আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই একাদশে ছিলেন মাস্তানতুয়ানো। একটি গোলও করেন তিনি। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, প্রতি ম্যাচে ৭০ মিনিটের বেশি সময় খেলেছিলেন, যা প্রমাণ করেছিল কোচের আস্থাভাজন হিসেবেই এগোচ্ছেন তিনি।
সমস্যা দেখা দেয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৮২ মিনিটে বদলি হিসেবে নামেন মাস্তানতুয়ানো। এরপর রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা (চ্যাম্পিয়নস লিগ) ও ওসাসুনার বিপক্ষে তাকে মাঠেই দেখা যায়নি। চার ম্যাচ মিলিয়ে মোটে ১৩ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টিনার আলোচিত তারকা। এই পরিসংখ্যানই এখন আর্জেন্টিনায় উদ্বেগের কারণ।
সামনেই জাতীয় দলের হয়ে খেলা রয়েছে মাস্তানতুয়ানোর। ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং জুনে বিশ্বকাপ সামনে। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে নিয়মিত খেলা ও ধারাবাহিক পারফরম্যান্স খুবই জরুরি। এমন সময়ে ক্লাবে সুযোগ কমে যাওয়া মাস্তানতুয়ানোর জন্য বড় ধাক্কা হতে পারে। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড়রা। রিভার প্লেট কিংবদন্তি নরবের্তো আলোনসো পরিস্থিতি নিয়ে সরাসরি বলেন, ‘ওকে শেষ করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় ছেলেটা আগে নিচুমানের দলে যাবে, সেখানে নিজেকে প্রমাণ করে তবেই হয়তো আবার রিয়ালে ফিরবে।’
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে সময় খুব কম। তরুণদের দ্রুত নিজেকে মানিয়ে নিতে হয়, নয়তো ধার কিংবা দলবদলের পথই খোলা থাকে। যেটা বেছে নিয়েছেন ব্রাজিলের সম্ভাবনাময় তরুণ এনড্রিক। এবার মাস্তানতুয়ানো কি করেনÑএখন সেটাই দেখার বিষয়।