হোম > খেলা > ফুটবল

‘সেপ্টেম্বরে সাফ জিততে চাই’

অসাধারণ একবছর-বলছেন হামজা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবলের সেরা তারকা কে? এই প্রশ্নের উত্তর এক বছর আগে খুঁজতে গেলেও হিসাবনিকাশ করতে হতো। কিন্তু এখন উত্তর খুঁজতে গেলে কোনোরকম যদি কিন্তু ছাড়াই আসবে হামজা চৌধুরীর নাম। লাল-সবুজের জার্সিতে অভিষেকের পর থেকেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা। দেখতে দেখতে জাতীয় দলের সঙ্গে এক বছর কাটিয়ে দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এই এক বছরে নিজের অভিজ্ঞতা, দলের উন্নতি এবং সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের এই মিডফিল্ড তারকা। হারের পরও কিছু কথা থাকে, যা পরাজয়ের শব্দ ছাপিয়ে উঠে আসে আশার আলো হয়ে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে হামজার কণ্ঠেও ছিল তেমনই এক গল্প—হতাশার ভেতর থেকে উঠে আসা বিশ্বাসের গল্প, নতুন এক বাংলাদেশের গল্প।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ২০২৫ সালের ২৫ মার্চ বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল হামজার। এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। ডিফেন্স ও মিডফিল্ড সামলানোর পর চারটি গোলও রয়েছে তার। এমনকি অ্যাসিস্টও করেছেন। বাংলাদেশের হয়ে পথচলার এই এক বছরে হামজার কাছে অভিজ্ঞতাটা ‘অসাধারণ’। তার ভাষায়, এটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। যদিও দল কাঙ্ক্ষিত সাফল্য—বিশেষ করে বড় কোনো টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি, তবু এ সময়কে তিনি দেখছেন শেখার এবং শক্তিশালী হয়ে ওঠার প্রক্রিয়া হিসেবে। কঠিন ম্যাচগুলো, হারের অভিজ্ঞতা—সবকিছুই দলকে আরো পরিণত করে তুলছে বলে বিশ্বাস তার।

হামজার আগমনের আগে এবং পরে বাংলাদেশের খেলায় পার্থক্য চোখে পড়ার মতো। মাঝমাঠে তার উপস্থিতি দলকে দিয়েছে স্থিরতা, নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি শুধু নিজের পারফরম্যান্সেই নয়, দলের সামগ্রিক খেলাতেও প্রভাব ফেলেছেন। ইতোমধ্যেই কোয়ালিফাই করা সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলের মাঠে গিয়ে যেভাবে বাংলাদেশ লড়াই করেছে, সেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবেই দেখছেন।

হামজার ভাষ্য, ‘আমি এখানে আসার পর এই এক বছরে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। সিঙ্গাপুরের মতো একটি দল, যারা ইতোমধ্যে কোয়ালিফাই করেছে, তাদের মাঠে এসে আমরা যেভাবে খেলেছি, সেটা আমাদের গর্বিত হওয়ার মতো বিষয়। একই সঙ্গে এটা আমাদের ভবিষ্যতের জন্যও ভালো ইঙ্গিত দেয়। সিঙ্গাপুর খুব ভালো দল, তাই তাদের বিপক্ষে এমন পারফরম্যান্স সত্যিই ইতিবাচক।’

এক বছর—সময়টা খুব বড় নয়, তবু এ এক বছরে বদলে গেছে অনেক কিছু। বদলেছে বাংলাদেশের খেলার ভাষা, বদলেছে আত্মবিশ্বাসের উচ্চারণ। মাঝমাঠে হামজার উপস্থিতি যেন ছন্দ এনে দিয়েছে দলকে; কখনো শান্ত, কখনো তীব্র—ঠিক যেমনটা দরকার ম্যাচের গল্প লিখতে। নিজের পথচলা নিয়ে বলতে গিয়ে তার কণ্ঠে ছিল নিখাদ ভালোবাসা, ‘অসাধারণ, সত্যিই অসাধারণ। এটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি। অবশ্যই আমরা কোয়ালিফাই করতে পারলে আরো ভালো হতো, কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলোই আমাদের আরো শক্তিশালী করবে। আমরা যখন নিজেদের খেলা আবার দেখব, তখন বুঝতে পারব আমরা দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

হার, আফসোস, অপূর্ণতা—সবকিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এই মানসিকতাই হয়তো নতুন বাংলাদেশের পরিচয়। যেখানে ফলাফলই শেষ কথা নয়, বরং প্রতিটি ম্যাচ এক একটি শেখার সোপান। আর গ্যালারির গল্প? সেটাও কম আবেগের নয়। অ্যাওয়ে ম্যাচ, তবু যেন ঘরের উষ্ণতা, ‘অসাধারণ অনুভূতি। আমি একটু আগেই বলছিলাম—আমাদের সমর্থকরাই বিশ্বের সেরা। তারা এত দূরে ভ্রমণ করে, নিজেদের কষ্টার্জিত টাকা খরচ করে আমাদের সমর্থন দিতে এসেছে—এটা সত্যিই অবিশ্বাস্য। আমরা কোয়ালিফাই না করলেও তারা যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, সেটা তুলনাহীন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে।’

এ ভালোবাসাই হয়তো শক্তি, এ বিশ্বাসই পথ দেখায় সামনে এগোনোর। এখন চোখ সামনে—স্বপ্নের দিকে, শিরোপার দিকে। হামজার কণ্ঠে সেই প্রতিজ্ঞা স্পষ্ট, ‘আশা করি সামনে গ্রীষ্মে কিছু প্রীতি ম্যাচ থাকবে। এরপর সেপ্টেম্বরে সাফ টুর্নামেন্ট আছে, যেটা জেতার লক্ষ্যই আমাদের। দেশের ভেতরে এবং আমাদের নিজেদের মধ্যেও এখন সেই প্রত্যাশা তৈরি হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। এরপর ২০২৭ সালের ক্যাম্পেইনের দিকে তাকিয়ে আছি। ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু করতে পারব।’

এক বছর আগে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের পাতায় লেখা হচ্ছে আত্মবিশ্বাস, লড়াই আর সম্ভাবনার গল্প। হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি যেন এক সেতুবন্ধন—অতীতের সীমাবদ্ধতা আর ভবিষ্যতের স্বপ্নের মাঝে। সেপ্টেম্বরের সাফ হয়ে উঠছে এক প্রতিশ্রুতি, এক উচ্চারণ—বাংলাদেশ এখন শুধু খেলতে নামবে না, জিততেও চাইবে।

নিজের নামে স্ট্যান্ডের সামনে মেসির গোল, মিয়ামির ড্র

সাফ জয়ের আনন্দের মাঝেই অর্থ পুরস্কার পেল অনূর্ধ্ব-২০ দল

ফুটবলকে বিদায় ব্রাজিলিয়ান তারকা অস্কারের

অ্যাতলেটিকোকে হারিয়ে শিরোপা দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে বার্সেলোনা

ট্রফির সঙ্গে আরো অনেক কিছু পেল বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে মায়োর্কার কাছে হারল রিয়াল

হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে সেমিতে ম্যানসিটি

হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

দেশে ফিরে ছাদখোলা বাসে হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

রোনালদোর জোড়া গোলে বড় জয় আল নাসরের