বাবার পথ ধরে বিশ্ব ফুটবলের আলোয় নিজেকে মেলে ধরার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলো সামনে রেখে ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে ১৬ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের।
আসন্ন ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের মিশন শুরু করবে পর্তুগাল। সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দলটি। এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা। পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করতে হলে গ্রুপের শীর্ষ দুদলের একটি হতে হবে তাদের। এই তিনটি ম্যাচই হবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ট্রেনিং গ্রাউন্ডে।
মূলত উইঙ্গার পজিশনে খেলা ক্রিশ্চিয়ানো জুনিয়র বর্তমানে ক্লাব ফুটবলে সৌদি প্রো লিগের দল আল নাসরের বয়সভিত্তিক দলের জার্সিতে মাঠ মাতাচ্ছেন। এর আগে তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। পরে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৯টি ম্যাচ খেলে ৩টি গোল আদায় করে নেন এই তরুণ তুর্কি। বয়স ভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করার ফলেই এবার তার সামনে এল অনূর্ধ্ব-১৭ দলে খেলার এই সুবর্ণ সুযোগ।
এদিকে ছেলের এমন দারুণ অর্জনের সঙ্গে ফুটবলপ্রেমীদের নজর এখন রয়েছে বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেও। আগামী শুক্রবার পর্তুগাল জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ৪১ বছর বয়সী এই মহাতারকা ফরোয়ার্ড দেশের হয়ে টুর্নামেন্টের ম্যাচগুলোতে স্কোয়াডে জায়গা পান কি না, এখন সেটিই দেখার বিষয়। বাবা ও ছেলে একসঙ্গে পর্তুগালের ফুটবল আঙিনায় আলো ছড়াবেন—এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।