মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। হৃদরোগজনিত জটিলতায় দীর্ঘদিন ভোগার পর অবশেষে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। ব্রাজিলের ক্লাব সাও পাওলো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে ফিটনেস পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়েন অস্কার। পরবর্তীতে তার শরীরে ‘ভাসোভাগাল সিনকোপ’ ধরা পড়ে, যা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার একটি সাধারণ কারণ। এ সমস্যার পর অস্ত্রোপচারও করতে হয় তাকে। এরপর আর মাঠে ফেরা হয়নি এই মিডফিল্ডারের।
যদিও সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিল তার, তবে শারীরিক অবস্থার কারণে আগেভাগেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবের মাধ্যমে দেওয়া এক বার্তায় অস্কার বলেন, তিনি আরও খেলতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে থামিয়ে দিয়েছে। এখন থেকে প্রিয় ক্লাবটিকে সমর্থক হিসেবে পাশে থাকার কথাও জানান তিনি।
ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে। ২০১২ সালে দলটিতে যোগ দিয়ে তিনি জিতেছেন ইউরোপা লিগ এবং দু’বার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।
২০১৬-১৭ মৌসুমে বড় অঙ্কের ট্রান্সফারে চীনের ক্লাবে যোগ দেন তিনি, যেখানে একাধিক লিগ শিরোপা জিতে এশিয়ান ফুটবলেও নিজের অবস্থান শক্ত করেন।
জাতীয় দলেও সম্ভাবনাময় শুরু করেছিলেন অস্কার। ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেন তিনি। তবে ২০১৫ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই অ্যাটাকিং মিডফিল্ডারকে।
অবশেষে স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কাছে হার মেনে ক্যারিয়ারের ইতি টানলেন এক সময়ের প্রতিভাবান এই ব্রাজিলিয়ান ফুটবলার।