হোম > খেলা > ফুটবল

এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ

শিরোপা দৌড়ে বড় পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

হাইভোল্টেজ এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। লড়াইটা হতে যাচ্ছে শীর্ষে থাকা আর্সেনালের মাঠে। প্রতিপক্ষ আর কেউ নয়, পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের জন্য এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আজ রোববার এমিরেটস স্টেডিয়ামে মহারণটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। যে ম্যাচটি দুদলের জন্য তো অবশ্যই, লিগের গতিপথও বদলে দিতে পারে।

মিকেল আর্তেতার আর্সেনাল ছন্দ ধরে রেখে শীর্ষস্থান মজবুত করেছে। শেষ ছয় লিগ ম্যাচে অপরাজিত থাকার সঙ্গে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে একমাত্র তারাই। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ গোল করার বিপরীতে মাত্র দুই গোল হজম করেছে গানাররা। এ ম্যাচ জিতলে ব্রাইটন ও ম্যানসিটির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ পাবে আর্সেনাল।

অন্যদিকে পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে মৌসুমের শুরুতে টানা সাত লিগ ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করলেও সাম্প্রতিক ছন্দপতনে বিপাকে পড়েছে ম্যানচেস্টার সিটি। সবশেষ চার লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করায় তারা শীর্ষস্থান থেকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। রক্ষণভাগের অস্থিরতা ও ক্লিন শিট রাখতে না পারাই সিটিজেনদের জন্য বড় মাথাব্যথার কারণ।

সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দুদলের মুখোমুখি লড়াইয়ে আর্সেনালের জয় ১০১ এবং ম্যানসিটির ৬৭টি; ড্র হয়েছে ৪৯ ম্যাচ। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ৫৯ জয়ের বিপরীতে ম্যানসিটির জয় ২৩ এবং ড্র ২৩টি। সবশেষ ছয় লিগের সাক্ষাতে আর্সেনাল দুটি ও সিটি একটি ম্যাচ জিতেছে; বাকি তিনটি ড্র। সবচেয়ে বড় পরিসংখ্যানগত চ্যালেঞ্জ হলো—গত তিন বছর ধরে প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে জয়ের দেখা পায়নি ম্যানসিটি।

আর্সেনালের আক্রমণে কাই হাভার্টজ ও এবেরেচি এজে ছন্দে রয়েছেন, আর গ্যাব্রিয়েল ও ডেভিড রায়ার নেতৃত্বে রক্ষণভাগ ইংলিশ লিগের অন্যতম সেরার তকমা পেয়েছে। ম্যানসিটির হয়ে টানা তিন লিগ ম্যাচে গোলহীন থাকা আর্লিং হালান্ড গোলের খোঁজে নামবেন; আক্রমণে তাকে সহায়তা করবেন রায়ান চেরকি, জেরেমি ডোকু ও ইলিমান এনদিয়ায়ে। তবে হাঁটুর চোটে অ্যান্টোইন সেমেনিওকে পাচ্ছে না সিটি।

চলতি লিগে সর্বোচ্চ ৩৬টি বড় সুযোগ তৈরি করেছে ম্যানসিটি। এমিরেটসে আর্সেনালের শক্ত রক্ষণভাগ সিটির সেই আক্রমণাত্মক চাপ সামলে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি নাÑসেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

‘রাফিনহা’ হয়ে উঠছেন গর্ডন

ম্যানইউয়ের আরেকটি দুঃস্বপ্নের রাত

মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে হারল রিয়াল

কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে দ্বন্দ্ব

ছোট পর্দায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে আর্সেনাল-ম্যানসিটির ম্যাচ

দশজনের বায়ার্নকে রুখে দিল হামবুর্গ

জয়ের ছন্দে সিটি ও ব্রাদার্স

ব্রাজিলের শেষ দেখছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো

মেসি-রোনালদোকে এক দলে দেখতে চান তেভেজ

সিটির ছন্দহীনতা নিয়ে ভাবছেন না মারেস্কা