আধুনিক ফুটবলে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এ প্রযুক্তির ব্যবহার ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরো নিখুঁত ফলাফল নিশ্চিত করে এবং খেলার ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে। ফুটবলের এই আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশও। গতকালই ফুটবল ইতিহাসে প্রথমবার বাংলাদেশের মাঠে কোনো ম্যাচে ভিএআর প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপেও ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেমিফাইনালের দুটি ম্যাচে রিমোট ভিএআর প্রযুক্তি ব্যবহার করে সাফ। ভারত-ভুটান প্রথম সেমিফাইনাল ম্যাচে ভিএআর চেক করে দুবার সিদ্ধান্ত বদল করেন ইন্দোনেশিয়ান রেফারি আলকাতিরি। আর এ দুটি সিদ্ধান্তই ভারতের বিপক্ষে গেছে। ৪৮ মিনিটে ভুটান গোল করলেও অফসাইডের ফ্ল্যাগ উঠেছিল। কিন্তু ভিএআর চেকের পর গোলের চূড়ান্ত সিদ্ধান্ত দেন রেফারি। এরপর ৬৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের হ্যান্ডবলের জন্য ভারতকে পেনাল্টি দিয়েছিলেন আলকাতিরি। তার এই সিদ্ধান্ত বদলে দেয় ভিএআর। ভিএআরে ধরা পড়ে বক্সের মধ্যে হ্যান্ডবল হয়নি ভুটান খেলোয়াড়ের। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।
সাফ কর্তৃপক্ষ জানায়, আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এই ভিএআর ব্যবস্থা পরিচালনা করছে। তাদের কেন্দ্রীয় কার্যক্রম হচ্ছে থাইল্যান্ডে। রিমোট ভিএআর মডেলের আওতায় ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচের সরাসরি ফুটেজ থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে পাঠানো হচ্ছে। সেখানে অবস্থানরত সনদপ্রাপ্ত ভিডিও ম্যাচ অফিসিয়ালরা (ভিএমও) আইএফএবির ভিএআর প্রোটোকল অনুযায়ী মাঠের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করেন এবং সরাসরি ঢাকার মাঠে থাকা রেফারিদের সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। এ কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতীয় স্টেডিয়ামে ইতোমধ্যে পূর্ণাঙ্গ ‘রেফারি রিভিউ এরিয়া’ (আরআরএ) এবং ‘টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর’ (টোটাম) স্থাপন করা হয়। ‘কোয়ালিটি’র কারিগরি বিশেষজ্ঞরা সরাসরি মাঠে উপস্থিত থেকে প্রযুক্তির নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করেন। ম্যাচের দায়িত্বপ্রাপ্ত সব রেফারি এবং সহকারী রেফারিরা ভিএআর পরিচালনায় প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত। দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য এ প্রযুক্তির ব্যবহারকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। তিনি জানান, ‘দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য ভিএআরের সংযোজন একটি যুগান্তকারী মুহূর্ত এবং আমাদের প্রতিযোগিতাগুলোর পেশাদার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রযুক্তি অঞ্চলে নিয়ে আসতে অমূল্য সহায়তার জন্য আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’