মেক্সিকোর চিড়িয়াখানায় ফুটবল উন্মাদনা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় এক অভিনব ফুটবল ম্যাচ হয়ে গেল। তবে এই ম্যাচের খেলোয়াড়রা মানুষ নয়, বিশাল আকৃতির দুটি হাতি! মূলত আগামী ১১ জুনের উদ্বোধনী ম্যাচের ফল কী হতে পারে, তা আগেভাগেই অনুমান করতেই আয়োজন করা হয়েছিল এই চমৎকার ইভেন্টের।
চিড়িয়াখানার ভেতর তৈরি একটি অস্থায়ী ফুটবল মাঠে হাজির করা হয় দুটি হাতিকে। মাঠের একপাশে রাখা ছিল মেক্সিকোর পতাকা আঁকা ঘাস, আর অন্যপাশে ছিল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার পতাকা চিহ্নিত সবুজ ঘাস। হাতি দুটির সামনে ছিল যেকোনো একদিকের ঘাস বেছে নেওয়ার সুযোগ। মুহূর্তের মধ্যে তারা মেক্সিকোর পতাকার দিকে এগিয়ে যায় এবং সেখানকার ঘাস খাওয়া শুরু করে। আর তাতেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও দর্শকদের ধারণা—উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোই জয়ী হতে যাচ্ছে।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ইভান রেনোসো বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘মূল পরিকল্পনাটি হচ্ছে, বিশ্বকাপে যেসব ম্যাচ খেলা হবে, তার বেশ কয়েকটির ফল আমাদের চিড়িয়াখানার প্রাণীরা এভাবে আগে থেকে অনুমান করার চেষ্টা করবে।’
হাতিদের পর ভবিষ্যদ্বাণীর আসরে নামে ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামের দুটি গরিলা। তাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল স্পেন ও উরুগুয়ের জার্সি আকৃতির দুটি পিনিয়াতা (খাবার বা খেলনা ভরা পাত্র)। কিছুক্ষণ থমথমে পরিস্থিতির পর একটি গরিলা আচমকাই উরুগুয়ের জার্সির দিকে ছুটে যায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত চিড়িয়াখানার কর্মীরা। তাদের মতে, আগামী ২৬ জুনের ম্যাচে স্পেনের বিপক্ষে উরুগুয়েই জিতবে।
এখানেই শেষ নয়, ‘মুলুক’ নামের একটি পুমা আভাস দিয়েছে যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়া জয়লাভ করবে। অন্যদিকে কলম্বিয়া বনাম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) মধ্যকার ম্যাচে কঙ্গোর ওপর বাজি ধরেছে চিড়িয়াখানার ছয়টি জিরাফ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, এই ধরনের কর্মকাণ্ড কেবল দর্শকদের আনন্দই দেয় না, বরং প্রাণীদের জন্য এক দারুণ মনস্তাত্ত্বিক উদ্দীপক হিসেবে কাজ করে।
ইভান রেনোসো আরো যোগ করেন, ‘এই ধরনের কার্যকলাপ প্রাণীদের মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে দারুণ প্রাণবন্ত করে তোলে। এটি যেমন দর্শকদের জন্য চমৎকার একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা, ঠিক তেমনি প্রাণীদের বিভিন্ন ইন্দ্রিয়কেও উদ্দীপিত করে।’
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে গুয়াদালাহারা চিড়িয়াখানার এই অবলা প্রাণীদের নিখাদ বিনোদন আর ভবিষ্যদ্বাণী এখন ফুটবল ভক্তদের মাঝে নতুন উত্তেজনার খোরাক জোগাচ্ছে।