প্রথম অনুশীলন সেরে নিয়েছে জামালরা
বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য ও গৌরবময় অধ্যায়। আগামী ৫ জুন ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ইউরোপেরই কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সান মারিনো। এই ম্যাচ সামনে রেখে সান মারিনোতে প্রথম অনুশীলনও সেরে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সান মারিনো স্টেডিয়ামে (স্টাডিও অলিম্পিকো দি সেরাভালে) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। দেশের ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর হচ্ছে, ঐতিহাসিক এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে গত শনিবারই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে ঢাকা থেকে রওনা হওয়া দলের সঙ্গে ছিলেন না দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলার—ইংল্যান্ডের হামজা চৌধুরী ও কানাডার শামিত সোম। জানা গেছে, হামজা ইংল্যান্ড থেকে এবং শামিত কানাডা থেকে সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আজকের মধ্যেই এই দুই তারকা ফুটবলার দলের ক্যাম্পে পৌঁছে যাবেন, যা নিশ্চিতভাবেই বাংলাদেশের শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে থাকা সান মারিনো বর্তমানে বিশ্বের সবচেয়ে তলানির দল। অন্যদিকে, বাংলাদেশ দল তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে রয়েছে। শক্তির বিচারে এগিয়ে থাকায় এবং প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছেন না বাংলাদেশের দায়িত্ব নেওয়া নতুন প্রধান কোচ থমাস ডুলি। এটিই হতে যাচ্ছে বাংলাদেশ দলের ডাগআউটে ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ কোচ। টমাস ডুলি বলেন, ‘আমাদের দেখাতে হবে তাদের (সান মারিনো) এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে (র্যাঙ্কিংয়ের তলানিতে) এবং আমরা কেন নই, সেটা আমাদের মাঠের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করতে হবে।’